যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার এক বছরের মধ্যেই প্রায় ১৮ হাজার শিক্ষার্থী কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা বা বেকার ভাতা নিয়েছেন। তাঁদের মধ্যে নতুন ও তুলনামূলক কম পরিচিত বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের এ সুবিধা নেওয়ার হার অক্সফোর্ড ও কেমব্রিজের মতো নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সর্বোচ্চ ৫০ গুণ বেশি। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে এমন চিত্র। এতে উচ্চশিক্ষার পর কর্মসংস্থানের সুযোগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
২৪ জনে একজন নিয়েছেন সরকারি সুবিধা
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের (ডিএফই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭২৩ জন ২০২৩–২৪ অর্থবছরে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। ওই বছর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার। অর্থাৎ স্নাতক হওয়ার এক বছরের মধ্যে প্রতি ২৪ জনে একজনকে সরকারি সুবিধার আশ্রয় নিতে হয়েছে।
তথ্যে দেখা গেছে, দেশটির ১৮টি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ১০ শতাংশের বেশি এক বছরের মধ্যে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। এ তালিকায় সবচেয়ে বেশি হার আর্ডেন ইউনিভার্সিটির। বিশ্ববিদ্যালয়টির প্রতি চারজনের একজনের বেশি স্নাতক এ সুবিধা নিয়েছেন। এরপর রয়েছে রেক্সহ্যাম ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রতি পাঁচজন স্নাতকের একজন সরকারি সুবিধা নিয়েছেন।
অন্যদিকে অক্সফোর্ড ও কেমব্রিজের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ হার অনেক কম। ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, শিক্ষার ধরন এবং স্নাতকদের কর্মসংস্থানের সুযোগের মধ্যে পার্থক্যের বিষয়টি আলোচনায় এসেছে।
বিষয়ভেদেও কর্মহীনতার চিত্র আলাদা
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, তার ওপরও কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নেওয়ার হারে পার্থক্য দেখা গেছে। স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ে স্নাতকদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। এ বিষয়ে পড়াশোনা শেষ করার এক বছরের মধ্যে প্রতি ছয়জনের একজন সরকারি সুবিধা নিয়েছেন।
নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে স্নাতকদের ক্ষেত্রে এ হার প্রতি ১২ জনে একজন। অথচ যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) জনবলের ঘাটতি রয়েছে। সাধারণ ও সমন্বিত শিক্ষা বিষয়ে স্নাতকদের ক্ষেত্রে প্রতি ১০ জনে একজন এ সুবিধা নিয়েছেন।
অন্যদিকে চিকিৎসাবিজ্ঞান ও দন্তচিকিৎসা বিষয়ে স্নাতকদের মধ্যে কর্মহীনতাসংক্রান্ত সুবিধা নেওয়ার হার সবচেয়ে কম। এ দুই বিষয়ে প্রতি ৩০০ জনে একজনেরও কম এমন সুবিধা নিয়েছেন। ভেটেরিনারি বিষয়ে এ হার প্রতি ১৮০ জনে একজন এবং অর্থনীতিতে প্রতি ৮৫ জনে একজন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন
এ পরিসংখ্যানকে যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক হিসেবে দেখছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্যাম্পেইন ফর রিয়েল এডুকেশনের ক্রিস্টোফার ম্যাকগভর্ন বলেন, দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ডিগ্রি কোর্স শিক্ষার্থীদের কঠিন পরিস্থিতিতে ফেলছে। একদিকে তাঁদের শিক্ষাঋণের বোঝা বহন করতে হচ্ছে, অন্যদিকে পড়াশোনা শেষে বেকারত্ব কিংবা যোগ্যতার তুলনায় কম মানের চাকরি বেছে নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর অর্ধেককে কর্মমুখী পলিটেকনিকে রূপান্তর করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা সরাসরি কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন।
সরকারের বক্তব্য
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় অনেক মানুষের জন্য ভালো সুযোগ তৈরি করে এবং বিভিন্ন পেশায় প্রবেশের পথ খুলে দেয়। তবে কিছু কোর্স শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুত কর্মসংস্থান ও প্রত্যাশিত ফলাফল দিতে পারছে না।
এ ধরনের নিম্নমানের শিক্ষার সুযোগ বন্ধ করতে অফিস ফর স্টুডেন্টসের (ওএফএস) সঙ্গে কাজ করছে সরকার। শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে সরকারি সুবিধা নেওয়ার এ পরিসংখ্যান দিয়ে একজন স্নাতক কত দিন বেকার ছিলেন, তা নির্ধারণ করা যায় না। বিশ্ববিদ্যালয়ের ধরন ও শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং সামাজিক পটভূমিও এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই শুধু এ পরিসংখ্যানের ভিত্তিতে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
কালের আলো/এসএ/জেএন
















-20261119145050.jpg)



