দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় পা না দিয়ে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। কোনো পক্ষের উসকানিতে উত্তেজিত হওয়া যাবে না কিংবা এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে তৃতীয় কোনো পক্ষ যাতে দেশের সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
গত শনিবার (১৪ নভেম্বর) ও রোববার (১৫ নভেম্বর) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক ও মতবিনিময়ের সময় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন অঞ্চলে সংঘটিত সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
আঞ্চলিক নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ
দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত শনিবার (১৪ নভেম্বর) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
এ সময় সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান।
তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দুষ্কৃতকারী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাই এ ধরনের পরিস্থিতিতে তাদের সহযোগিতা করতে হবে।
তৃতীয় পক্ষের সুযোগ নেওয়া ঠেকাতে সতর্কতা
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি কাজে লাগিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তারেক রহমান। রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত, পাল্টাপাল্টি অবস্থান কিংবা বিশৃঙ্খলায় না জড়ানোর জন্য নেতাদের পরামর্শ দেন তিনি।
পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের আচরণে সংযম, দায়িত্বশীলতা ও সতর্কতা বজায় রাখার নির্দেশনাও দেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া এক নেতার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেছেন বিএনপির চেয়ারম্যান। কোনো ঘটনা ঘটলে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি বুঝে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ছাত্রদল নেতাদেরও সতর্ক থাকার নির্দেশ
একই দিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের বিরাজমান পরিস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
বিশেষ করে কোনো ধরনের উসকানি, প্ররোচনা কিংবা সংঘাতের সঙ্গে জড়িয়ে না পড়ার বিষয়ে ছাত্রদল নেতাদের সতর্ক করেন বিএনপির চেয়ারম্যান। রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও জানান তিনি।
ছাত্রসংগঠনের নেতাকর্মীদের এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, যা দেশের সামগ্রিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
যুবদল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
এদিকে রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। সংসদ অধিবেশনের বিরতির সময় তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি সৌজন্যমূলক হলেও আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি উঠে আসে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরকার সতর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তৃতীয় কোনো পক্ষ যাতে দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলার মতো ঘটনা এড়াতে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের এই নির্দেশনার মূল লক্ষ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সংঘাত এড়িয়ে চলা এবং কোনো পক্ষকে পরিস্থিতির সুযোগ নিতে না দেওয়া। এ ক্ষেত্রে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংযত আচরণ করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ রাখতেই ধারাবাহিকভাবে এসব নির্দেশনা দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান।
কালের আলো/এসএ/জেএন
