Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

সিলেট সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

ওসমানী হাসপাতালে সেবার অনিয়ম দূর করার উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী

সিলেট সংবাদদাতা কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

ওসমানী হাসপাতালে সেবার অনিয়ম দূর করার উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু নতুন হাসপাতাল ও অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি বাড়াতে একাধিক হাসপাতাল নির্মাণ ও বিদ্যমান হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে শুধু রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর। কারণ, চিকিৎসার জন্য একজন মানুষকে আর্থিক ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তির মধ্য দিয়েও যেতে হয়।

এ কারণে সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এসব কর্মসূচির মাধ্যমে মানুষ অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সরকার স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

ওসমানী হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনা দূর করার তাগিদ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে হবে। শুধু নতুন অবকাঠামো নির্মাণ করে স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব নয়। বিদ্যমান হাসপাতালগুলোতে সেবার ক্ষেত্রে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে সরকার একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক্যান্সার হাসপাতালে সেবা পাবেন আরও ৪৫০ রোগী
মন্ত্রী জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা নিতে পারবেন।

পাশাপাশি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

শিশুদের চিকিৎসাসেবা উন্নত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার সুযোগ ও সক্ষমতা অনেক বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

৪০ রোগীর ব্যাংক হিসাবে যাচ্ছে এক লাখ টাকা করে
ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে।

সরকারের দেওয়া এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও রোগীদের চিকিৎসা চালিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

তিনি জানান, শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এ অর্থ পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। পর্যায়ক্রমে ভবিষ্যতে এ কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আর্থিক সহায়তা পাওয়া রোগীরা অনুষ্ঠানে অংশ নেন। এর আগে মন্ত্রী খাদিমনগরে খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কালের আলো/এসএ/এমএস

Link copied!