ভারতে পালিয়ে গিয়েও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
সম্মেলনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, ফ্যাসিবাদের অনেক লক্ষণ থাকলেও সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চান না তাঁরা। তবে জাতির সামনে প্রতিশ্রুতি দিয়ে তা লঙ্ঘন করা হয়েছে এবং জুলাই সনদ না মেনে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করা হচ্ছে। যাঁরা জুলাইয়ে রক্ত দিয়েছেন, তাঁরা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবেন না।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ
শিক্ষা খাতেও চরম ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তাঁর দাবি, দেশের বিভিন্ন স্কুল-কলেজের পরিচালনা কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলীয় পরিচয়ধারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
এ ছাড়া জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দেওয়া হলে শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হবে বলে বক্তব্যে ইঙ্গিত দেন তিনি।
স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতদের ছাড় নয়
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচনে কোনো ভোট ডাকাত ও দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করা হবে না এবং অন্যায় সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের চাঁদাবাজি ও দখলদারিত্বে ঠেলে দেওয়ার অভিযোগ
একই সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার তরুণদের চাঁদাবাজি ও দখলদারিত্বের দিকে ঠেলে দিয়ে নতুন সংকট তৈরি করছে।
তাঁর দাবি, চাঁদাবাজি, মাস্তানি, খুন ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে তরুণদের জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। সরকার দ্বিচারিতার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে। দ্বিচারিতায় জড়িত কোনো সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে নিয়ে বিবিসির প্রতিবেদন প্রসঙ্গ
বক্তব্যে সংবাদমাধ্যম বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গও তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে নিয়ে যেতে হবে—এমন কথা বলার অধিকার ভারতের নেই বলে তিনি মনে করেন।
কালের আলো/এসএ/জেএন
