আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যে জেলায় যত প্লাটুন বিজিবি
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি
বিজিবি জানায়, বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন সদস্যরা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
কালের আলো/এসকে/এমএসআইপি
