Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:৫২ পিএম

বন্ধুত্ব কি সত্যিই বাড়ায় ডলফিনের আয়ু?

ফিচার ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০১:৫২ পিএম

বন্ধুত্ব কি সত্যিই বাড়ায় ডলফিনের আয়ু?

ডলফিনের দীর্ঘ জীবনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব। যেসব ডলফিনের সামাজিক বন্ধন দৃঢ় এবং দীর্ঘস্থায়ী, তাদের আয়ুও তুলনামূলক বেশি হতে পারে। শুধু মানুষের ক্ষেত্রেই নয়, প্রাণিজগতেও বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ যে দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত, অস্ট্রেলিয়ার গবেষকদের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

পশ্চিম অস্ট্রেলিয়ার শার্ক বে এলাকায় প্রায় ৪০ বছর ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘পিএলওএস বায়োলজি’-তে। এতে ইন্দো-প্যাসিফিক বোতলনাক ডলফিনের সামাজিক আচরণ, দলবদ্ধ জীবনযাপন এবং বয়সের সঙ্গে তাদের সম্পর্কের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ডলফিনের সামাজিক জীবন বেশ জটিল। এ প্রজাতির ডলফিন ৫০ বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে। জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের সামাজিক যোগাযোগের ধরন ও দলবদ্ধ থাকার প্রবণতায় পরিবর্তন আসে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা কার সঙ্গে মিশবে এবং কত বড় দলে থাকবে, সে বিষয়ে আরও বেশি সচেতন ও বাছবিচারী হয়ে ওঠে।

বয়স বাড়লে ছোট হয় বন্ধুমহল
গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, শৈশব ও তরুণ বয়সে বোতলনাক ডলফিন তুলনামূলক বড় সামাজিক দলের সঙ্গে মেলামেশা করে। এ সময় তাদের সামাজিক যোগাযোগের পরিধিও বিস্তৃত থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা বড় দলের পরিবর্তে ছোট ও পরিচিত সামাজিক গোষ্ঠীর প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে।

গবেষণার প্রধান লেখক কেলি মিহান বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডলফিনরা কার সঙ্গে মিশবে এবং কত বড় দলে থাকবে, সে বিষয়ে বেশি বাছবিচার করতে শুরু করে। অর্থাৎ জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের সামাজিক সম্পর্কের ধরন বদলে যায়। বয়স বাড়লে তারা পরিচিত ও নির্দিষ্ট সঙ্গীদের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী হয়।

গবেষকদের মতে, সামাজিক সম্পর্কের এই পরিবর্তন শুধু সঙ্গী নির্বাচনের বিষয় নয়; বরং বেঁচে থাকা এবং জীবনযাপনের সঙ্গেও এর যোগসূত্র রয়েছে।

দলবদ্ধ থাকার সুবিধা ও ঝুঁকি দুটোই
ডলফিনের সামাজিক জীবনের বেশ কিছু সুবিধা রয়েছে। দলবদ্ধভাবে চলাফেরা করলে তারা একে অপরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। খাবার খোঁজা, শিকার ধরার কৌশল শেখা এবং উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ সহায়তা করে। পাশাপাশি দীর্ঘদিন একসঙ্গে থাকার মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধন তৈরি হয়।

তবে বড় সামাজিক দলের কিছু ঝুঁকিও রয়েছে। অনেক ডলফিন একসঙ্গে থাকলে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ ছাড়া বড় দলের মধ্যে প্রতিযোগিতা ও পারস্পরিক যোগাযোগের চাপ থেকে মানসিক চাপ তৈরির আশঙ্কাও থাকে। ফলে সামাজিক সম্পর্কের সুবিধা পাওয়ার পাশাপাশি ঝুঁকি এড়ানোর বিষয়টিও তাদের আচরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

পুরুষ ও স্ত্রী ডলফিনের সামাজিক আচরণে পার্থক্য
গবেষণায় পুরুষ ও স্ত্রী ডলফিনের সামাজিক আচরণেও বেশ কিছু পার্থক্য পাওয়া গেছে। পুরুষ ডলফিন সাধারণত স্ত্রী ডলফিনের তুলনায় বড় দলে বিচরণ করে। বিশেষ করে প্রজননের ক্ষেত্রে কয়েকটি পুরুষ ডলফিনের মধ্যে জোটবদ্ধ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যদিকে স্ত্রী ডলফিনের সামাজিক সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে আত্মীয়তা, খাবার সংগ্রহের কৌশল এবং বসবাসের পরিবেশের প্রভাব রয়েছে। অর্থাৎ একই প্রজাতির হলেও পুরুষ ও স্ত্রী ডলফিনের সামাজিক যোগাযোগের ধরন এক নয়।

গবেষণার সহলেখক এবং প্রাণীর আচরণ ও বিবর্তনবিষয়ক গবেষক সেলিন ফ্রেরে বলেন, দীর্ঘ সময় ধরে একই ডলফিনগুলোকে পর্যবেক্ষণ করতে পারায় তাদের সামাজিক আচরণ এবং ব্যক্তিভেদে পার্থক্য বোঝা সম্ভব হয়েছে। দীর্ঘমেয়াদি তথ্য বিশ্লেষণের মাধ্যমে ডলফিনের সামাজিক জীবনের পরিবর্তন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া গেছে।

মানুষের সঙ্গে ডলফিনের সামাজিক জীবনের মিল
গবেষণায় অংশ না নেওয়া সামুদ্রিক প্রাণী গবেষক মাইক বসলে মনে করেন, ডলফিনের সামাজিক আচরণের সঙ্গে মানুষের জীবনের অনেক মিল রয়েছে। মানুষের মতো ডলফিনেরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব এবং মেলামেশার ধরন পরিবর্তিত হয়।

তাঁর মতে, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য নিয়ে প্রচলিত ধারণা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সামাজিক সম্পর্কের গুরুত্ব, পরিচিত সঙ্গীদের প্রতি আকর্ষণ এবং বয়সভেদে বন্ধুমহল পরিবর্তনের মতো বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীর মধ্যেও দেখা যায়।

গবেষকদের এই পর্যবেক্ষণ প্রাণীদের সামাজিক জীবন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক কীভাবে প্রাণীর জীবনযাপন এবং দীর্ঘায়ুর সঙ্গে যুক্ত হতে পারে, তা বোঝার ক্ষেত্রেও গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!