Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

সিরাজগঞ্জ সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৫০ পিএম

ঋণ নিয়ে ৯৪১ হাঁসের বাচ্চা, এখন স্বাবলম্বী বহুলুল

সিরাজগঞ্জ সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৫০ পিএম

ঋণ নিয়ে ৯৪১ হাঁসের বাচ্চা, এখন স্বাবলম্বী বহুলুল

ইউটিউবে ভিডিও দেখে হাঁস পালন শুরু করে স্বাবলম্বী হয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামারি বহুলুল বেপারি। একসময় সংসারের খরচ চালাতে হিমশিম খেলেও এখন হাঁসের খামারের আয়েই চলছে তাঁর পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার ব্যয়। তাঁর এই উদ্যোগ এলাকায় অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বহুলুল বেপারি খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে হাঁসের খামার গড়ে তোলেন তিনি। কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ইউটিউবের ভিডিও দেখে হাঁস পালনের কৌশল শেখেন।

ঋণ নিয়ে শুরু, এখন খামারে ৬৬৬ হাঁস

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বহুলুল বেপারি জানান, মেয়ের জামাতার কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সী ৯৪১টি হাঁস দিয়ে খামারের যাত্রা শুরু করেন তিনি। এর মধ্যে ২৭৫টি হাঁস মারা গেছে। বর্তমানে খামারে রয়েছে ৬৬৬টি হাঁস।

তিনি জানান, খামারে থাকা ৪৪৪টি লেয়ার হাঁস থেকে প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম পাওয়া যায়। বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। এক খাঁচা ডিমের দাম কখনো কখনো ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ওঠে।

খামারে উৎপাদিত ডিম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারেও সরবরাহ করা হচ্ছে।

বহুলুল বেপারি বলেন, হাঁসের খামার তাঁর জীবন বদলে দিয়েছে। তিন ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ পরিবারের অন্যান্য ব্যয় এখন এই খামারের আয় থেকেই মেটানো হচ্ছে। তাঁর স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাঁদের বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।

জলাশয় কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় বছরের বড় একটি সময় জলাবদ্ধতা থাকে। শুষ্ক মৌসুমে এসব এলাকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য উপযোগী হয়ে ওঠে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়েই স্বল্প পুঁজিতে হাঁসের খামার গড়ে তোলেন বহুলুল।

ভবিষ্যতে খামারটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয়দের মতে, বহুলুলের উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবকও বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তাঁদের ধারণা, সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁস পালন আরও সম্প্রসারিত হতে পারে।

হাঁস পালনে সম্ভাবনার কথা জানাল প্রাণিসম্পদ বিভাগ

চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম বলেন, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম ও তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি সম্ভাবনাময় কর্মসংস্থান।

তিনি আরও জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য এবং সময়মতো রোগ প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করা গেলে হাঁস পালনে আরও নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!