Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৮:০৫ পিএম

চ্যাটজিপিটি-জেমিনাইকে টেক্কা দিচ্ছে ক্লডের যেসব সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৮:০৫ পিএম

চ্যাটজিপিটি-জেমিনাইকে টেক্কা দিচ্ছে ক্লডের যেসব সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কাজের ধরন। একসময় এসব প্রযুক্তি মূলত প্রশ্নের উত্তর দেওয়া, লেখা তৈরি কিংবা তথ্য খোঁজার কাজে ব্যবহৃত হতো। এখন দৈনন্দিন কাজের পরিকল্পনা, ফাইল ব্যবস্থাপনা, রিমাইন্ডার পাঠানো থেকে শুরু করে কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুযোগও তৈরি হয়েছে। ফলে এআই চ্যাটবটের প্রতিযোগিতায় শুধু তথ্য দেওয়ার সক্ষমতা নয়, ব্যবহারকারীর হয়ে কতটা কার্যকরভাবে কাজ করা যায়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বর্তমানে বহুল ব্যবহৃত এআই চ্যাটবটগুলোর মধ্যে রয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই এবং অ্যানথ্রপিকের ক্লড। তিনটি প্ল্যাটফর্মেরই রয়েছে আলাদা কিছু সুবিধা। তবে কাজের নির্দেশনা বোঝা, প্রয়োজন অনুযায়ী প্রশ্ন করা এবং একাধিক ধাপের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ক্লডকে এগিয়ে রাখছেন কিছু ব্যবহারকারী।

নির্দেশনা বুঝতে ক্লডের বাড়তি সুবিধা
প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করে এক প্রযুক্তিবিষয়ক লেখকের অভিজ্ঞতায়, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের তুলনায় ক্লডে কাজ করার সময় বারবার নির্দেশনা সংশোধনের প্রয়োজন কম হয়। ব্যবহারকারীর চাহিদা বুঝে প্রাসঙ্গিক উত্তর দেওয়া এবং কোনো নির্দেশনার অংশ অস্পষ্ট থাকলে পাল্টা প্রশ্ন করার প্রবণতা এর অন্যতম সুবিধা।

বিশেষ করে জটিল বা একাধিক ধাপের কাজের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য কাজে আসে। ব্যবহারকারী কী করতে চান, তা পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করায় ভুল বোঝাবুঝির আশঙ্কা কমতে পারে। ফলে একই কাজের জন্য বারবার নির্দেশনা দেওয়ার প্রয়োজনও কমে যায়।

কোওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে কাজ
ক্লডের উল্লেখযোগ্য সুবিধাগুলোর একটি হলো কোওয়ার্ক। এটি ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়সাপেক্ষ ও পুনরাবৃত্তিমূলক কাজ সম্পন্ন করতে পারে। ফলে প্রতিদিন একই ধরনের কাজ করতে হয় এমন ব্যবহারকারীদের সময় ও শ্রম বাঁচানোর সুযোগ তৈরি হয়েছে।

কাজের ধরন অনুযায়ী তথ্য সাজানো, বিভিন্ন ধাপের কাজ এগিয়ে নেওয়া কিংবা নির্দিষ্ট নির্দেশনা অনুসারে কাজ সম্পন্ন করার ক্ষেত্রে এ সুবিধা ব্যবহার করা যায়। এতে শুধু প্রশ্নের উত্তর পাওয়ার পরিবর্তে এআইকে কাজের সহকারী হিসেবেও ব্যবহার করা সম্ভব।

মুঠোফোন থেকেই কম্পিউটারে নির্দেশনা
ক্লডের আরেকটি সুবিধা ডিসপ্যাচ। এর মাধ্যমে মুঠোফোন ব্যবহার করেই দূর থেকে কম্পিউটারে বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া যায়। অর্থাৎ ব্যবহারকারী কম্পিউটারের সামনে না থাকলেও নির্দিষ্ট কাজের নির্দেশ পাঠানোর সুযোগ পান।

এ ছাড়া ক্লড কোডের মাধ্যমে পুরো কোডবেস বিশ্লেষণ, একাধিক ফাইলে পরিবর্তন, কোড পরীক্ষা এবং পরিবর্তিত কোড কমিট করার মতো কাজ করা যায়। বিশেষ করে সফটওয়্যার নির্মাতা ও প্রোগ্রামারদের জন্য এ সুবিধা সময় বাঁচাতে সহায়ক হতে পারে।

চ্যাটজিপিটি ও জেমিনাইয়েরও রয়েছে শক্তিশালী দিক
চ্যাটজিপিটি ও জেমিনাইও বিভিন্ন কাজে কার্যকর ভূমিকা রাখছে। ছবি তৈরি, তথ্য বিশ্লেষণ, লেখালেখি এবং দৈনন্দিন কাজ সহজ করার ক্ষেত্রে দুটি প্ল্যাটফর্মেই রয়েছে নানা সুবিধা। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এসব টুল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব।

তবে কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতায়, নির্দিষ্ট কাজের নির্দেশনা বুঝতে বা প্রত্যাশা অনুযায়ী ফল পেতে কখনো কখনো নির্দেশনা সংশোধনের প্রয়োজন হয়। অন্যদিকে ক্লডের কোনো বিষয় অস্পষ্ট মনে হলে পাল্টা প্রশ্ন করার প্রবণতা কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

সাবস্ক্রিপশন ফিতেও রয়েছে পার্থক্য
এআই চ্যাটবট বেছে নেওয়ার ক্ষেত্রে সুবিধার পাশাপাশি মাসিক সাবস্ক্রিপশন খরচও গুরুত্বপূর্ণ বিষয়। ক্লড প্রোর মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় ১৭ ডলার। অন্যদিকে গুগল এআই প্রো ও চ্যাটজিপিটি প্লাসের মাসিক খরচ প্রায় ২০ ডলার করে।

সব মিলিয়ে, এআই চ্যাটবটের মধ্যে কোনটি ভালো, তা নির্ভর করে ব্যবহারকারীর কাজের ধরন ও প্রয়োজনের ওপর। লেখালেখি, ছবি তৈরি কিংবা তথ্য বিশ্লেষণের জন্য চ্যাটজিপিটি ও জেমিনাই কার্যকর হতে পারে। অন্যদিকে একাধিক ধাপের কাজ, স্বয়ংক্রিয় কার্যক্রম এবং কোড ব্যবস্থাপনায় ক্লডের বিশেষ কিছু সুবিধা রয়েছে। তাই শুধু সাবস্ক্রিপশন মূল্য নয়, নিজের প্রয়োজন অনুযায়ী ফিচার বিবেচনা করেই এআই টুল নির্বাচন করা উচিত।

কালের আলো/এসএ/জেএন

Link copied!