জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে সেশনজট পুরোপুরি দূর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তাঁর ভাষায়, ‘সেশনজট জাদুঘরে চলে যাবে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হবে। এ সম্মিলনের আয়োজন ও বিভিন্ন বিষয় তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এক বছরে কমেছে সেশনজট
সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের তথ্য তুলে ধরেন উপাচার্য। লিখিত তথ্য অনুযায়ী, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের বেশি সেশনজট ছিল। ইতিমধ্যে সেই সেশনজট এক বছর কমিয়ে আনা সম্ভব হয়েছে।
সেশনজট পুরোপুরি দূর করতে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন প্রক্রিয়া আধুনিক করা এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লক্ষ্য, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনা। এ লক্ষ্য পূরণ হলে দীর্ঘদিন ধরে সেশনজটে ভোগা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
কালের আলো/এসএ/এমএস



-20261126133922.jpg)

-20261126133344.jpg)











-20261124163219.jpg)


