হামসফর’ দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। এবার নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’তে জুটি বাঁধছেন তাঁরা। ২৪ নভেম্বর প্রকাশিত সিরিজটির ট্রেলার ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তবে অভিনয়শিল্পীদের উপস্থিতির পাশাপাশি আলোচনায় এসেছে ভারতে সিরিজটির মুক্তি নিয়ে বিতর্ক। ৪ ডিসেম্বর সিরিজটি মুক্তির আগে এর প্রচার বন্ধের দাবিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ
‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘ইয়াকিন কা সফর’ ও ‘সুনো চান্দা’র মতো পাকিস্তানি নাটক বহু আগেই দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। পাকিস্তানি সিনেমা ও নাটক নেটফ্লিক্সে জায়গা পেলেও ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ দেশটির প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ।
আন্তর্জাতিক দর্শকের জন্য সিরিজটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’। ২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এর প্রথম ভাগ। সিরিজটি দুই ভাগে প্রকাশের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ভাগের মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
রোমে এক সাক্ষাৎ, তিন প্রজন্মের ছয় প্রেমের গল্প
সিরিজটির গল্পের কেন্দ্রে রয়েছেন সিকান্দার শেহরিয়ার ও লিজা। ইতালির রোমে বসবাসকারী হার্ভার্ডে পড়াশোনা করা আইনজীবী সিকান্দার অতীতের এক ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি বয়ে বেড়ান। দুঃস্বপ্ন ও অনিদ্রায় ভুগতে ভুগতে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়েছেন তিনি। রোমেই তাঁর পরিচয় হয় প্রতিভাবান শিল্পী লিজার সঙ্গে। লিজার জীবনেও রয়েছে অতীতের নানা ক্ষত।
দুজনের পরিচয় থেকে ধীরে ধীরে এগিয়ে যায় ভালোবাসা, বিচ্ছেদ ও নতুন করে জীবন শুরুর গল্প। তবে কাহিনি শুধু এই দুই চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যকে ঘিরে বিস্তৃত হবে সিরিজের গল্প। তিন প্রজন্মের ছয়টি প্রেমের কাহিনিতে উঠে আসবে পরিবার ও ব্যক্তিগত পছন্দের দ্বন্দ্ব, প্রজন্মের ব্যবধান এবং দূরত্বের মধ্যেও সম্পর্ক টিকিয়ে রাখার সংগ্রাম।
সিরিজটি নির্মিত হয়েছে পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে। ২০০৯ সালে একটি সাময়িকীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হয় উপন্যাসটি। পর্দার জন্য চিত্রনাট্যও লিখেছেন লেখক নিজেই।
ফাওয়াদ-মাহিরার সঙ্গে থাকছেন সানাম, হানিয়াও
‘হামসফর’ নাটকে ফাওয়াদ খান ও মাহিরার জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পরে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। নতুন সিরিজে আবারও তাঁদের একসঙ্গে পাওয়ার খবর ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।
ফাওয়াদের সঙ্গে এ সিরিজে দেখা যাবে সানাম সাঈদকেও। ‘জিন্দেগি গুলজার হ্যায়’ ও ‘বারজাখ’-এর পর আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা। এ ছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হামজা আলী আব্বাসি, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, আহমেদ আলী আকবর, নাদিয়া জামিল ও সামিনা আহমেদ।
সিরিজটির নির্মাতা ও পরিচালক মোমিনা দুরাইদ। পাকিস্তানি নাটকের দর্শকদের কাছে পরিচিত এই প্রযোজক ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘দস্তান’, ‘সুনো চান্দা’ ও ‘বিন রয়’-এর মতো জনপ্রিয় কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রতিষ্ঠান মোমিনা দুরাইদ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছে নতুন সিরিজটি। প্রকল্পটির সঙ্গে রয়েছে পাকিস্তানের হাম নেটওয়ার্কও।
মোদিকে চিঠি, ভারতে প্রচার বন্ধের দাবি
সিরিজটি মুক্তির আগেই ভারতে এর প্রচার বন্ধের দাবি তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সংগঠনটি ৪ ডিসেম্বর সিরিজটির মুক্তি ঠেকানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়াকেও সিরিজটি প্রচার না করার অনুরোধ করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি শুধু এই সিরিজ নয়, পাকিস্তানের সিনেমা, সিরিজ, গান, পডকাস্টসহ সব ধরনের বিনোদনমূলক কনটেন্ট ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এ ধরনের কনটেন্ট প্রচারের ক্ষেত্রে শাস্তির বিধান রেখে স্থায়ী আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছে তারা।
কাশ্মীরের পেহেলগামে হামলার পর ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটিতে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানে তৈরি সিনেমা, সিরিজ, গান ও পডকাস্টের মতো কনটেন্টের প্রচার বন্ধ করতে বলেছিল। এআইসিডব্লিউএ তাদের দাবির পক্ষে সেই নির্দেশনার প্রসঙ্গও তুলে ধরেছে।
অন্যদিকে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নিষেধাজ্ঞার দাবির সমালোচনা করেছেন। তাঁর মতে, খেলাধুলার পর এবার শিল্প ও সংস্কৃতিকেও রাজনৈতিক বিরোধের হাতিয়ার করা হচ্ছে। দর্শক কী দেখবেন, সেই সিদ্ধান্ত তাঁদের ওপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। নেটফ্লিক্স ইন্ডিয়ার তালিকায় সিরিজটির নাম দেখা গেলেও ৪ ডিসেম্বর ভারতে এটি দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ছয় গানের অ্যালবামে ফাওয়াদের কণ্ঠ
ট্রেলারের পাশাপাশি ২৪ নভেম্বর সিরিজটির ছয়টি মৌলিক গানও প্রকাশ করেছে নেটফ্লিক্স। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন পাকিস্তানের ব্যান্ড ভাইটাল সাইন্সের প্রতিষ্ঠাতা সদস্য ও ‘কোক স্টুডিও’র সংগীত প্রযোজক রোহাইল হায়াত।
অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আবদুল হান্নান, জেব বাঙ্গাশ ও আসিম আজহার। তাঁদের সঙ্গে রয়েছেন ফাওয়াদ খানও। ফলে অভিনয়ের পাশাপাশি সংগীতেও থাকছে তাঁর উপস্থিতি। সব মিলিয়ে তারকাবহুল অভিনয়শিল্পী, প্রেমের গল্প ও মৌলিক গানের সমন্বয়ে সিরিজটি ঘিরে আন্তর্জাতিক দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
কালের আলো/এসএ/এমএস







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

