Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:৫৬ পিএম

স্কুলে ভর্তি ও পুনঃভর্তিতে অতিরিক্ত ফি বন্ধের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:৫৬ পিএম

স্কুলে ভর্তি ও পুনঃভর্তিতে অতিরিক্ত ফি বন্ধের উদ্যোগ

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বন্ধে দেশের স্কুলগুলোকে কঠোর নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় বন্ধ করা যায় কি না, তা নিয়েও আলোচনা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের ফি আদায় বন্ধে সভা থেকে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে।

মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

১ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু
এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশিকা অনুযায়ী, ঢাকা মহানগরীসহ দেশের সব এলাকার বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের বাইরে আবেদন করার সুযোগ থাকবে না।

মাউশির চিঠিতে ভর্তি নির্দেশনা
গত রোববার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে ভর্তি নির্দেশিকা প্রকাশের বিষয়টি জানানো হয়। চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তির আবেদন শুরুর আগে অতিরিক্ত ফি আদায় বন্ধে মন্ত্রণালয়ের সম্ভাব্য নির্দেশনা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ভর্তি ও পুনঃভর্তি ফি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মন্ত্রণালয়ের সভা শেষে।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!