Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ধর্ম ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:২১ পিএম

মদের বোতলে পানি পান করা কি জায়েজ, কী বলে ইসলাম?

ধর্ম ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:২১ পিএম

মদের বোতলে পানি পান করা কি জায়েজ, কী বলে ইসলাম?

ইসলামে মদ ও সব ধরনের নেশাদ্রব্য পান করা কঠোরভাবে নিষিদ্ধ। মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক পবিত্রতা রক্ষায় মাদক থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দৈনন্দিন জীবনে এ নিয়ে কিছু প্রশ্নও দেখা দেয়। আগে যে বোতল বা পাত্রে মদ রাখা হয়েছিল, সেটি ভালোভাবে পরিষ্কার করার পর তাতে পানি কিংবা অন্য কোনো হালাল পানীয় রাখা বা পান করা যাবে কি না—এমন সংশয় অনেকের মনেই রয়েছে।

বর্তমানে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় মদের বোতল কিংবা সেগুলোর আদলে তৈরি পাত্রে পানি পরিবেশন করতে দেখা যায়। ইসলামের বিধান অনুযায়ী, এমন পাত্র ব্যবহার করা বৈধ কি না, তা নিয়ে রয়েছে নির্দিষ্ট ব্যাখ্যা।

মদ ও নেশাদ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ
পবিত্র কোরআনে মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করে তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ তায়ালা। সুরা মায়িদার ৯০ নম্বর আয়াতে বলা হয়েছে—

‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও লটারির তির তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই, তোমরা সেগুলো বর্জন করো—যাতে তোমরা সফলকাম হতে পারো।’

হাদিসেও মদ ও নেশাদ্রব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি নেশাদ্রব্যই মদ আর যাবতীয় মদই হারাম।’ (সহিহ মুসলিম)

অর্থাৎ, যে পানীয় মানুষের বিবেক-বুদ্ধি আচ্ছন্ন করে এবং নেশা সৃষ্টি করে, তা পান করা ইসলামে নিষিদ্ধ।

মদের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল কি?
ইসলামের প্রাথমিক যুগে মদ হারাম ঘোষণার পর কিছু নির্দিষ্ট ধরনের পাত্র ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের মদ্যপানের অভ্যাস থেকে পুরোপুরি বিরত রাখা। একই সঙ্গে এসব পাত্রে মদের অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কাও ছিল।

পরবর্তী সময়ে রাসুলুল্লাহ (সা.) সেই নিষেধাজ্ঞা তুলে নেন। এ বিষয়ে হজরত ইবনে বুরাইদা (রা.) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৩২৬)

এই হাদিস থেকে বোঝা যায়, কোনো পাত্রের কারণে পানীয় হালাল বা হারাম হয়ে যায় না। বরং পানীয়ের উপাদান এবং পাত্রের পবিত্রতাই এখানে বিবেচ্য।

পরিষ্কার করার পর ব্যবহার করা যাবে?
ইসলামি ফিকহের আলোচনায় মদের বোতল ব্যবহারের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হলো পাত্রটির পবিত্রতা। কোনো বোতলে আগে মদ রাখা হয়ে থাকলেও সেটি যথাযথভাবে ধুয়ে পরিষ্কার করার পর যদি মদের কোনো অবশিষ্টাংশ বা অপবিত্রতা না থাকে, তাহলে তাতে পানি কিংবা অন্য কোনো হালাল পানীয় রাখা ও পান করা জায়েজ।

অর্থাৎ, আগে মদ রাখা হয়েছিল বলে বোতলটি স্থায়ীভাবে অপবিত্র বা ব্যবহার-অনুপযোগী হয়ে যায় না। যথাযথভাবে পরিষ্কার ও পবিত্র করার পর সেটি ব্যবহার করা যায়।

জনসমক্ষে ব্যবহার না করাই উত্তম
তবে শরিয়তের দৃষ্টিতে বৈধ হলেও মদের বোতল বা এ ধরনের বোতলের আদলে তৈরি পাত্র ব্যবহার না করাই সতর্কতামূলক। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁয় কিংবা জনসমক্ষে এমন বোতলে পানি পরিবেশন করলে অন্যরা সেটিকে মদের বোতল বলে ভুল করতে পারেন। এতে অপ্রয়োজনীয় সংশয় ও বিভ্রান্তি তৈরি হতে পারে।

তাই ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে পাত্রটি ভালোভাবে পরিষ্কার ও পবিত্র থাকলে তাতে পানি পান করা জায়েজ। তবে অন্যের মনে ভুল ধারণা তৈরি হতে পারে—এমন পরিস্থিতি এড়িয়ে চলাই উত্তম। হালাল-হারামের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি সামাজিক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এমন কাজ থেকেও বিরত থাকা উচিত।

কালের আলো/এসএ/জেএন

Link copied!