Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৫:০০ পিএম

৯২ কোটি টাকার চেক ডিজঅনার, অবশেষে মুখ খুললেন অনন্ত

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৫:০০ পিএম

৯২ কোটি টাকার চেক ডিজঅনার, অবশেষে মুখ খুললেন অনন্ত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) আইনি নোটিশ এবং ৯২ কোটি ২৯ লাখ টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা নিয়ে আলোচনার মধ্যে অবশেষে নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মহান আল্লাহর ওপর ভরসার কথা তুলে ধরার পাশাপাশি তাঁর পাশে থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বিষয়টি নিয়ে নেতিবাচক প্রচার চালানো ব্যক্তিদের জন্যও দোয়া করেছেন এই অভিনেতা।

কোরআনের আয়াত উদ্ধৃত করে অনন্তের বার্তা
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আয়াত উদ্ধৃত করেন অনন্ত জলিল। তিনি লেখেন, ‘ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা'ঈন’। এর অর্থ, আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।

এর পাশাপাশি তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল’। অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী। পোস্টে অনন্ত জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি তাঁর ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে।

সমালোচকদের উদ্দেশে যা বললেন
অনন্ত জলিলের পোস্টে সমর্থকদের পাশাপাশি সমালোচকদের কথাও উঠে এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক ট্রল ও প্রচার চালানো ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’

তাঁর এই পোস্টকে ঘিরে অনুসারীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে ব্যাংকের আইনি নোটিশ ও ঋণসংক্রান্ত অভিযোগের বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

২৬৭ কোটি টাকার ঋণ নিয়ে ব্যাংকের অভিযোগ
এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাঠানো আইনি নোটিশে বলা হয়, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। এ অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনন্ত জলিল এবং ব্যবস্থাপনা পরিচালক তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে নোটিশ পাঠানো হয়।

ব্যাংকের অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করায় ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক জমা দেওয়া হয়েছিল। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত বা ডিজঅনার হয়।

নোটিশে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় আইনি মামলা করাসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এসব আইনি পদক্ষেপের খরচও ঋণগ্রহীতাদের বহন করতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রতিশ্রুতি দিয়েও টাকা পরিশোধ না করার অভিযোগ
ব্যাংকের নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন এর আগে ফোনে এবং সরাসরি একাধিকবার বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি তাঁরা রক্ষা করেননি বলে দাবি ব্যাংকটির।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছিল। এর মধ্যেই অনন্ত জলিলের নতুন পোস্ট সামনে আসে। যদিও তাঁর এই বার্তায় ব্যাংকের অভিযোগের সত্যতা, ঋণ পরিশোধের অগ্রগতি কিংবা আইনি নোটিশের জবাব সম্পর্কে কিছু জানানো হয়নি।

ব্যবসায়িক ঋণসংক্রান্ত এই বিতর্কের মধ্যে অনন্ত জলিলের পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন ব্যাংকের সঙ্গে তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

কালের আলো/এসএ/এমএস

Link copied!