Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০১:০১ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, শুরু হলো লড়াই

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০১:০১ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, শুরু হলো লড়াই

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। বর্তমানে পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন তিনি। প্রতিযোগিতার আনুষ্ঠানিক আয়োজনের অংশ হিসেবে গত বুধবার (১১ নভেম্বর) অ্যাগুয়াদিয়া শহরের সাগরপাড়ে অনুষ্ঠিত ওয়েলকাম প্যারেডে অংশ নেন মাহি। সেখানে আত্মবিশ্বাসী ক্যাটওয়াক ও আকর্ষণীয় উপস্থিতিতে নজর কেড়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী।

প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে প্রথম দিন! বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সুন্দরী প্রতিযোগীদের মধ্যে শুরু হলো এক নতুন যাত্রা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ, উচ্ছ্বসিত এবং গর্বিত।’

লেমন ইয়েলো গাউনে নজরকাড়া উপস্থিতি


ওয়েলকাম প্যারেডের আগে মঞ্চে মাইক্রোফোন হাতে দুই হাত প্রসারিত করে হাসিমুখে নিজের পরিচয় দেন মাহি। এ সময় নিজের নামের পাশাপাশি বাংলাদেশের নামও তুলে ধরেন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মাহি জানান, এভাবেই শুরু হয়েছে তাঁর মিস ইউনিভার্সের যাত্রা।

প্রথম দিনের আয়োজনে মাহির পোশাকেও ছিল বিশেষত্ব। হালকা লেমন ইয়েলো রঙের গাউনে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকটিতে ছিল সূক্ষ্ম ড্রেপিং ও কুঁচির কাজ। অফ-শোল্ডার নকশার গাউনটির সঙ্গে সাদা রঙের ‘বাংলাদেশ’ লেখা স্যাশ পরেছিলেন তিনি।

আর্জেন্টিনার সুন্দরী দাইয়ানার সঙ্গে একই কক্ষে


প্রতিযোগিতায় মাহির অফিসিয়াল রুমমেট হয়েছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৬ দাইয়ানা স্টেফানি পেরেইরা। তাঁর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মাহি।

আর্জেন্টিনার এই প্রতিযোগীর সঙ্গে একই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন তিনি। মাহির ভাষায়, ‘আর্জেন্টাইন রূপসীর সঙ্গে মিস ইউনিভার্সের এই সুন্দর যাত্রা ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

কিউবার সুন্দরীর মুখে বাংলা
মিস ইউনিভার্সের মঞ্চে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন মাহি। এরই মধ্যে মিস ইউনিভার্স কিউবা ২০২৬ মিয়া দিয়োকে বাংলা ভাষায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মিয়া দিয়োকে বলতে শোনা যায়, ‘হাই বাংলাদেশ! সে (মাহি) সত্যিই অপরূপা। শুধু বাহ্যিকভাবেই নয়, তার মনটাও খুব সুন্দর।’

ভিডিওটি বাংলাদেশের দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। আন্তর্জাতিক মঞ্চে বাংলা ভাষার এমন উপস্থিতি মাহির যাত্রায় যোগ করেছে ভিন্ন মাত্রা।

শীর্ষে যেতে দেশবাসীর ভোট চাইলেন মাহি


মিস ইউনিভার্সের ফ্যান ভোটিংও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান এগিয়ে নিতে দেশবাসীর সমর্থন চেয়েছেন সামিরা খান মাহি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে তিনি লিখেছেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! এই যাত্রায় আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার পাশে থাকুন।’

২৪ নভেম্বর ঘোষণা হবে বিজয়ীর নাম


আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন। সেখানেই ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাহি। তাঁর এই যাত্রায় দেশবাসীর ভালোবাসা, দোয়া ও ভোটই এখন বড় প্রত্যাশা।

কালের আলো/এসএ/জেএন

Link copied!