শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না। তবে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি বাগদান ও বিয়ে নিয়ে আলোচনার পর এবার ভক্তদের সুখবর দিলেন লুবাবা। নিজের ফেসবুক পেজ ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
কয়েক দিন আগে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আল আমিনের মাধ্যমে আমি আমার পেজ ফিরে পাই। কারো পেজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’ লুবাবার এই পোস্টের পর অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পেজ ফিরে পাওয়ার খবরটি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন তাঁর ভক্তরা।
বাগদান নিয়ে আলোচনায় লুবাবা
এর আগে লুবাবার বিয়ে হয়ে গেছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ তাঁকে শুভকামনা জানান, আবার কেউ বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তবে পরে গণমাধ্যমকে লুবাবা জানান, তিনি এখনো বিয়ে করেননি। তবে যাঁর সঙ্গে বিয়ের কথা চলছে, তাঁর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে।
বাগদত্তার সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লুবাবা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’ পরে বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাঁদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শিশুশিল্পী থেকে বিনোদন অঙ্গন ছাড়ার ঘোষণা
শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর থেকে নিয়মিত অভিনয় বা মডেলিংয়ে দেখা যায়নি তাঁকে।
কালের আলো/এসএ/জেএন
