সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, শাড়ি, প্রসাধনী, মোবাইল ফোন, যন্ত্রাংশ, খাদ্যপণ্য, জ্বালানি ও বিভিন্ন ধরনের যানবাহন। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।
জব্দ হয়েছে স্বর্ণ, পোশাক ও বিপুল প্রসাধনী
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, অক্টোবর মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড় এবং ১ হাজার ৩২৫টি ইমিটেশন গহনা।
এ ছাড়া ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধনসামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা-পাতা ও ১ হাজার ৬৮৫ কেজি সুপারি জব্দ করা হয়েছে।
মোবাইল ফোন থেকে শুরু করে বিপুল খাদ্যপণ্য জব্দ
অভিযানে ৩৮১টি মোবাইল ফোন, ১৫ হাজার ৪৮টি মোবাইল ডিসপ্লে এবং ১২ হাজার ৫৭৮টি মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯৮ হাজার ৮০০ পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট এবং ২৩০ প্যাকেট বিভিন্ন ধরনের বীজ জব্দ করা হয়।
খাদ্য ও কৃষিপণ্যের মধ্যে রয়েছে ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি এবং ১২ হাজার ১৪২ কেজি সার। এ ছাড়া ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে বিজিবি।
জব্দ যানবাহন ও চিকিৎসাসামগ্রীও
বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টান/চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক এবং ২ লাখ ৮৫ হাজার ৩৪টি বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১০টি কষ্টি/বেলে পাথর জব্দ করা হয়।
চোরাচালানে ব্যবহারের অভিযোগে বিভিন্ন ধরনের যানবাহনও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল ও ভ্যান এবং ৩৬টি নৌকা।
উদ্ধার ৪০ লাখের বেশি ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদ
চোরাচালান পণ্যের পাশাপাশি অক্টোবর মাসে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে একটি এসএমজি, ছয়টি দেশি-বিদেশি পিস্তল, পাঁচটি অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল এবং ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস।
এ ছাড়া ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার এবং ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
উদ্ধার করা অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন ধরনের সিরাপ, ৪৭ হাজার পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
চোরাচালানের অভিযোগে আটক ২১৯ জন
বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে অক্টোবর মাসে ২১৯ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, সাতজন ভারতীয় এবং ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
কালের আলো/এসএ/আরআইকে
