বিগত সময়ে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাজনৈতিক কারণে এসব চিকিৎসক তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি বলে মনে করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন। চিকিৎসকদের রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে পড়তে হওয়ায় দেশের স্বাস্থ্য খাতও প্রত্যাশিতভাবে এগোতে পারেনি।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো কারণ রয়েছে
মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় দক্ষতায় পিছিয়ে নেই। বরং অনেক ক্ষেত্রে তাঁরা অন্যান্য দেশের চিকিৎসকদের চেয়েও ভালো। দেশের চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।
তবে সেই দক্ষতা যথাযথভাবে কাজে লাগানোর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, চিকিৎসকদের রাজনৈতিক বিবেচনার বাইরে রেখে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজের সুযোগ দেওয়া হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হতে পারত।
চিকিৎসকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব
দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসাসেবার পরিধি এবং চিকিৎসকের সংখ্যা এখনো পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। মানুষের উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে যেতে না হয়, সে জন্য দেশে আরও বেশি চিকিৎসক তৈরি করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, দেশের চিকিৎসকরা সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্য খাতের চিত্র আরও উন্নত হতো। কিন্তু চিকিৎসকদের রাজনীতির শিকার হতে হওয়ায় চিকিৎসাব্যবস্থার কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।
ফিজিক্যাল মেডিসিন ইউনিট শক্তিশালী করার তাগিদ
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলো আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, এসব ইউনিটের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসাসেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক প্রচার চালাতে হবে। এর মাধ্যমে এ খাতের চিকিৎসাসেবা আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কালের আলো/এসএ/এমএসআইপি
