জলবায়ু পরিবর্তনের আঘাত সবচেয়ে বেশি, অথচ দায় সবচেয়ে কম—এমন দেশগুলোই আবার ঋণের বোঝায় জর্জরিত। এই বৈশ্বিক বৈপরীত্যের অবসান চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশকে আর ঋণ নয়, দিতে হবে অনুদান। শুধু অর্থ নয়, চাই আধুনিক প্রযুক্তি, অভিযোজনের নিশ্চয়তা এবং জ্বালানি রূপান্তরে ন্যায্য সুযোগ। বিশ্বনেতাদের সামনে তুলে ধরলেন পাঁচ দফা জরুরি প্রস্তাব।
- ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদান, ঋণ-সুবিধা ও প্রযুক্তি হস্তান্তরে জোর
- কপ-৩১-এ ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান
জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে গিয়ে নতুন ঋণের ফাঁদে পড়বে কেন উন্নয়নশীল দেশগুলো? যারা বৈশ্বিক উষ্ণায়নের জন্য তুলনামূলকভাবে কম দায়ী, জলবায়ু বিপর্যয়ের সবচেয়ে বড় মূল্যও কি তাদেরই দিতে হবে? বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চে এই প্রশ্নগুলোরই রাজনৈতিক ও অর্থনৈতিক জবাব চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে তাঁর বক্তব্যে উঠে আসে জলবায়ু অর্থায়নের বৈষম্য, ঋণের ক্রমবর্ধমান চাপ এবং উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকারের প্রশ্ন। প্রধানমন্ত্রীর অবস্থান পরিষ্কার—জলবায়ু সংকট মোকাবিলার নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ানো যাবে না। তাদের প্রয়োজন অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার।
তারেক রহমান বলেন, বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি এসব দেশের অর্থনীতিতে বড় ধরনের বোঝা তৈরি করছে। এর সঙ্গে বাড়ছে ঋণ পরিশোধের চাপ, অথচ আর্থিক সম্পদ থাকছে সীমিত। এ অবস্থায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণ নয়, অনুদান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, প্রয়োজন নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা।
পাঁচ দফায় বিশ্বব্যবস্থার কাছে নতুন দাবি
শুধু সমস্যার চিত্র তুলে ধরেই থামেননি প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক অর্থায়ন ও সহযোগিতার কাঠামোতে পরিবর্তন আনতে বিশ্বনেতাদের সামনে পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেছেন তিনি। ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে প্রস্তাবগুলোতে গুরুত্ব পেয়েছে অর্থায়নের ন্যায্যতা, ঋণমুক্তির সুযোগ, প্রযুক্তি হস্তান্তর ও জ্বালানি রূপান্তর।
প্রথম প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রতিটি দেশের নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় এই অর্থ ব্যয়ের পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন তিনি।
দ্বিতীয় প্রস্তাবে রয়েছে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা। ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো ব্যবস্থা চালুর মাধ্যমে দুর্যোগের সময় ঋণ পরিশোধে ছাড় এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ পুনর্বিন্যাস বা মওকুফের সুযোগ তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী।
তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। শুধু প্রযুক্তির উদ্ভাবন নয়, প্রয়োজনীয় সহায়তাসহ এসব প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থাও করতে হবে।
চতুর্থ প্রস্তাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ জন্য প্রয়োজন সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং এমন একটি জ্বালানি রূপান্তর প্রক্রিয়া, যেখানে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না।
পঞ্চম প্রস্তাবে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যকে ভিত্তি করে এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি রূপান্তরকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার প্রস্তাব দিয়েছেন তিনি।
প্রতিশ্রুতির রাজনীতি নয়, চাই কাজের নিশ্চয়তা
জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর আহ্বান, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্যও স্পষ্ট। জলবায়ু সংকটের সমাধান শুধু অর্থের অঙ্ক বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; সেই অর্থ কারা দেবে, কী শর্তে দেবে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটা ন্যায্য সুবিধা পাবে—সেই প্রশ্নেরও সমাধান জরুরি।
বিশ্ব জলবায়ু রাজনীতিতে বাংলাদেশের এই বার্তা তাই শুধু অর্থায়নের দাবি নয়, এটি জলবায়ু ন্যায্যতার প্রশ্ন। সংকট তৈরিতে যাদের দায় কম, সংকটের মূল্য পরিশোধের দায় যেন তাদের ওপরই সবচেয়ে বেশি না পড়ে—আনতালিয়ার মঞ্চ থেকে মূলত সেই ন্যায্যতার দাবিই সামনে আনলেন প্রধানমন্ত্রী।
কালের আলো/জেএন/এমকে
