Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:০৯ পিএম

প্রবাসী আয়ে নতুন গতি, রিজার্ভেও মিলছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:০৯ পিএম

প্রবাসী আয়ে নতুন গতি, রিজার্ভেও মিলছে স্বস্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস সাত দিনেই দেশে এসেছে ১২৩৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম সাত দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮৭ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর দেশে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৭০ শতাংশ বেশি। ২০২৫ সালের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১২৩৪ কোটি ৪০ লাখ ডলার বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১০৮৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

চার মাসেই ধারাবাহিক প্রবৃদ্ধি
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৪০ শতাংশ।

দ্বিতীয় মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৫০ শতাংশ বেশি। সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার; এ মাসে প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ। আর অক্টোবর মাসে প্রবাসীরা পাঠান ২৮৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১০ শতাংশ বেশি।

অর্থাৎ, অর্থবছরের প্রথম চার মাসেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহেও সেই ধারা অব্যাহত রয়েছে।

গত অর্থবছরে রেকর্ড রেমিট্যান্স
গত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৫৫৯ কোটি ডলার বা ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে এটিই ছিল সর্বোচ্চ রেমিট্যান্স। ওই অর্থবছরে মাসে গড়ে ২৯৬ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৩৪ শতাংশ।

গত বছরের নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার। এরপর ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত টানা ছয় মাস ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসে। একক মাসের হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ কোটি ২৬ লাখ ডলার আসে মে মাসে এবং তৃতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ৩৬ লাখ ডলার আসে ডিসেম্বরে।

রিজার্ভে স্বস্তি, চার মাসের আমদানি ব্যয়ের সমান
রেমিট্যান্স প্রবাহের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভেও কিছুটা স্বস্তির চিত্র দেখা যাচ্ছে। গত ৫ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ১৬৪ কোটি ডলারের আমদানি বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। আর মোট বা গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে তাৎক্ষণিক ব্যবহারযোগ্য রিজার্ভ হিসেবে উল্লেখ করে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছে ৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সে হিসাবে ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের ব্যবহারযোগ্য রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা প্রয়োজন।

উল্লেখ্য, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাস পরপর সমন্বয় করা হয়।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!