Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩২ পিএম

এক টাকাও অভিবাসন ব্যয় নেই, মালয়েশিয়ায় গেলেন ১১২ বাংলাদেশি কর্মী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩২ পিএম

এক টাকাও অভিবাসন ব্যয় নেই, মালয়েশিয়ায় গেলেন ১১২ বাংলাদেশি কর্মী

বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি যাত্রা করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান তিনি।

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

  • প্রথম ফ্লাইটে কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • মাসিক বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত
  • থাকা-চিকিৎসার খরচও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।

আড়াই বছর পর খুলল শ্রমবাজার
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে কর্মী নির্বাচন করা হয়। প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় তাঁদের নাম।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। চাকরির মেয়াদ তিন বছর, যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য। নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে। অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

ডিসেম্বরে যাবেন আরও ২২৫ কর্মী
প্রথম দফার ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

এ উদ্যোগের মাধ্যমে স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অভিবাসন ব্যয়ের চাপ ছাড়াই কর্মীরা বিদেশে কাজের সুযোগ পাওয়ায় তাঁদের আর্থিক ঝুঁকি কমবে।

শ্রমবাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উদ্যোগ
চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা।

কালের আলো/আরআই/এমকে

Link copied!