চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল।
দুটি আসনে আগুন
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হয়। পরে দুই থেকে তিন মিনিটের মধ্যেই রেলকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
নির্ধারিত সময়েই ছেড়েছে ট্রেন
রেলওয়ে সূত্র জানায়, আগুন লাগার পরও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
এদিকে, ট্রেনের আসনে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।
কালের আলো/এএএন/এমএসআইপি















-20261126135523.jpg)




