Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

পিরোজপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৪১ এএম

৩৩ শতাংশ জমিতে কমলার বাগান, বদলেছে ফিরোজ-নাসিমার ভাগ্য

পিরোজপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৪১ এএম

৩৩ শতাংশ জমিতে কমলার বাগান, বদলেছে ফিরোজ-নাসিমার ভাগ্য

সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। এমন দৃশ্য পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের ফিরোজ মাতুব্বর ও তাঁর স্ত্রী নাসিমা বেগমের কমলার বাগানে। ৩৩ শতাংশ অনাবাদি জমিতে মাদ্রাজি জাতের কমলার বাগান গড়ে তুলে সফল হয়েছেন এই দম্পতি। শুরুতে ১০০টি কলমের চারা রোপণ করলেও বর্তমানে বাগানে গাছের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ থেকে ১৪০টিতে। গত ছয় বছর ধরে নিয়মিত ফলন পাচ্ছেন তাঁরা।

বাগানের অধিকাংশ গাছের ডাল কমলার ভারে নুয়ে পড়েছে। কোনো গাছে কাঁচা, কোনো গাছে আধাপাকা, আবার কোনো গাছে পাকা কমলা ঝুলছে থোকায় থোকায়। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ১২টি ফল। আকারে বড় এসব কমলা স্বাদেও মিষ্টি। এবার বাগানের প্রতিটি গাছ থেকে ৮০ থেকে ৯০ কেজি ফল পাওয়ার আশা করছেন তাঁরা।

প্রবাসে দেখা স্বপ্ন, দেশে বাস্তবায়ন

এই বাগান গড়ে ওঠার পেছনে রয়েছে প্রবাসজীবনের এক স্বপ্নের গল্প। ২০০৫ সালে হালের বলদ ও কিছু জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান ফিরোজ মাতুব্বর। সেখানে একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন তিনি। কঠোর পরিশ্রমের ফাঁকে অবসর সময়ে ফেসবুক ও ইউটিউবে বিদেশি কমলার চাষাবাদ দেখে দেশে ফিরে বাগান করার আগ্রহ তৈরি হয় তাঁর।

প্রবাসে থাকতেই কুষ্টিয়ার জীবননগরের এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্রে কমলা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন ফিরোজ। পরে ওই এলাকার কৃষক ও নার্সারি মালিক ওমর ফারুক খানের কাছ থেকে ১০ হাজার টাকায় ১০০টি মাদ্রাজি জাতের কলমের চারা সংগ্রহের ব্যবস্থা করেন। তাঁর অনুপস্থিতিতে স্ত্রী নাসিমা বেগম শুরু করেন বাগান তৈরির কাজ।

নাসিমা বেগম জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়ে ৩৩ শতাংশ জমিতে সারিবদ্ধভাবে চারাগুলো রোপণ করেন। প্রথম চার বছর বাগানের পরিচর্যার দায়িত্বও একাই সামলেছেন তিনি। চারা রোপণের দুই বছর পর গাছে ফল আসতে শুরু করে। তবে প্রথম দিকে ফলন কম হওয়ায় সেগুলো বিক্রি না করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতেন।

বছরে কমলা বিক্রি তিন লাখ টাকা

এখন বদলে গেছে বাগানের চিত্র। প্রতিবছরই ভালো ফলন হচ্ছে। গত বছর প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রি করেছেন ফিরোজ ও নাসিমা। প্রতি কেজি কমলা বিক্রি করেন ২০০ টাকা দরে। বাগানে ঘুরতে আসা দর্শনার্থীদেরও গাছ থেকে ফল পেড়ে খাওয়ার সুযোগ দেন তাঁরা। অনেকে বাগান থেকেই কমলা কিনে নিয়ে যান।

ফল বিক্রির পাশাপাশি কলম তৈরি করে চারা বিক্রি থেকেও বাড়তি আয় হচ্ছে। নাসিমা বেগমের ভাষ্য, প্রথম দিকে তিনি একাই বাগানের পরিচর্যা করতেন। পরে স্বামী প্রবাস থেকে ফিরে এসে বাগানের দায়িত্ব নেন। তবে এখনো স্বামীর সঙ্গে নিয়মিত বাগানের কাজ করেন তিনি। এ বছরও আবহাওয়া ও পরিচর্যা অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা করছেন তাঁরা।

সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন তরুণেরা

স্থানীয় বাসিন্দারা জানান, শুরুর দিকে ফিরোজ ও নাসিমার কমলা চাষকে অনেকে গুরুত্ব দেননি। কেউ কেউ তাঁদের উদ্যোগকে পাগলামিও বলতেন। কিন্তু গাছে গাছে ফল আসার পর সেই ধারণা বদলে গেছে। এখন তাঁদের বাগান দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। এই দম্পতির সাফল্য দেখে এলাকার বেকার তরুণদের মধ্যেও কমলা চাষের আগ্রহ তৈরি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি বলেন, অল্প জমিতে ফিরোজ মাতুব্বরের কমলার এমন ফলন সত্যিই প্রশংসনীয়। তাঁর বাগান না দেখলে এত কম জায়গায় এত ফলন সম্ভব, তা অনেকের বিশ্বাস হতো না। আগ্রহী তরুণেরা এ ধরনের উদ্যোগ নিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। আমদানিনির্ভরতা কমাতে স্থানীয় পর্যায়ে কমলা চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

অনাবাদি জমিতে কমলার বাগান গড়ে ফিরোজ ও নাসিমা শুধু নিজেদের স্বপ্নই বাস্তবায়ন করেননি, তাঁদের উদ্যোগ এলাকার অন্যদের জন্যও সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!