নাটোরের বড়াইগ্রামসহ দক্ষিণ চলনবিলে বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা চাষে ‘সাদা সোনা’ খ্যাত রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত মৌসুমের লোকসান পুষিয়ে ন্যায্য দাম পাওয়ার আশায় উপজেলার বিস্তীর্ণ মাঠে রসুন রোপণ করছেন তাঁরা। পাশাপাশি সাথি ফসল হিসেবে পেঁয়াজ, বাঙ্গি, তরমুজ, ক্ষীরা ও মিষ্টিকুমড়ার আবাদও চলছে। তবে মৌসুমের শুরুতেই চাহিদামতো সার না পাওয়া এবং বেশি দামে সার কিনতে বাধ্য হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
৯ হাজার ৫০০ হেক্টরে রসুন চাষের লক্ষ্যমাত্রা
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বড়াইগ্রামে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের মোট উৎপাদিত রসুনের প্রায় দুই-তৃতীয়াংশ বড়াইগ্রামসহ চলনবিলের পলিপড়ামাটির জমিতে উৎপাদিত হয়।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটিতে রসুনের কোয়া রোপণ করছেন কৃষকেরা। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও এ কাজে যুক্ত হয়েছেন। রোদ থেকে রোপণ করা বীজ রক্ষায় জমিতে ধানের খড় ও কচুরিপানা বিছিয়ে দেওয়া হচ্ছে। মালচিং পদ্ধতিতে ব্যবহৃত এসব উপকরণ পচে মাটিতে জৈব পদার্থ যোগ করে এবং উর্বরতা বাড়াতে সহায়তা করে।
সার সংকট ও বাড়তি খরচে উদ্বেগ
কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারদের কাছে গিয়েও চাহিদামতো ডিএপি, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার পাওয়া যাচ্ছে না। লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে প্রতি বস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে তাঁদের।
ভরতপুর গ্রামের চাষি মতিউর রহমান জানান, এ বছর বিঘাপ্রতি বীজ বাবদ ১২ থেকে ১৪ হাজার, সার ও কীটনাশক বাবদ ৮ থেকে ৯ হাজার, ৩৫ জন শ্রমিকের মজুরি বাবদ ২০ হাজার এবং খড় ও সেচ বাবদ আরও ৬ হাজার টাকা খরচ হবে। সব মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ৪৫ থেকে ৪৬ হাজার টাকা ব্যয় হতে পারে।
চকপাড়া গ্রামের কৃষক আনিসুর রহমান বলেন, বর্তমানে বীজ রসুন চার হাজার টাকা মণ দরে কিনতে হচ্ছে। অথচ গত মৌসুমে দেড় থেকে আড়াই হাজার টাকা মণ দরে রসুন বিক্রি করে বড় লোকসান গুনতে হয়েছে। অন্তত তিন হাজার টাকা মণ দর পেলে কৃষকেরা লাভবান হবেন।
রয়না ভরট গ্রামের আব্দুল ওহাব বলেন, এবার পুরুষ শ্রমিকের মজুরি ৭০০ টাকা এবং নারী শ্রমিকের মজুরি ৪০০ থেকে ৫০০ টাকা। এর ওপর বেশি দামে সার কিনতে হওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে।
অন্যদিকে, রয়না গ্রামের কৃষক সোলায়মান মণ্ডল জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজের বীজের ব্যাপক ক্ষতি হয়েছে।
সারের ঘাটতি নেই বলে দাবি কৃষি বিভাগের
কৃষকদের অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের দাবি, উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। চাহিদার শতভাগ বরাদ্দ পাওয়া গেছে এবং বিসিআইসি অনুমোদিত ডিলারদের মাধ্যমে সার বিক্রি করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, আমন ধান কাটার পর বিনা চাষে মালচিং পদ্ধতিতে রসুন আবাদ চলছে। এ বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এবার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রসুন চাষের সম্ভাবনা রয়েছে।
কালের আলো/এএএন/এমএসআইপি













-20261126135523.jpg)




