Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

পাবনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:৩২ পিএম

যমুনার চরে শসার বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষক-শ্রমিকের মুখে

পাবনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:৩২ পিএম

যমুনার চরে শসার বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষক-শ্রমিকের মুখে

পাবনার বেড়া উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের একসময়কার পতিত জমিতে বাণিজ্যিকভাবে শসা চাষ করে সাফল্য পেয়েছেন একদল কৃষক। ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে প্রায় ৩৫০ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে শসার বিশাল খেত। এসব খেত থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। বর্তমান বাজারদরে প্রতি মণ ৭০০ থেকে ৮০০ টাকা হিসাবে প্রতিদিন শসা বিক্রি হচ্ছে প্রায় ২ লাখ ৮০ হাজার থেকে ৪ লাখ টাকার। এ উদ্যোগে কর্মসংস্থান হয়েছে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষের।

পতিত জমিতে শসার বাণিজ্যিক আবাদ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব তীরবর্তী পেচাকোলা ও চক নয়ানপুর মৌজায় চলছে শসার এই বাণিজ্যিক আবাদ। দীর্ঘদিন ধরে আগাছা ও ঝোপঝাড়ে ভরে থাকায় জমিগুলো চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছিল। পরে ফরিদপুর উপজেলার শ্রীগোবিন্দপুর গ্রামের প্রায় অর্ধশত কৃষক ছয়টি দলে ভাগ হয়ে স্থানীয়দের সহযোগিতায় জমিগুলো পরিষ্কার করেন। এরপর আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উপযোগী করে তোলেন।

ভাদ্র মাসের শেষ দিকে জমিতে উচ্চফলনশীল হাইব্রিড জাতের শসার বীজ বপন করা হয়। বীজ বপনের মাত্র ৪০ দিনের মধ্যেই গাছে ফলন আসতে শুরু করে।

চাষি শিহাব ফকির জানান, স্থানীয়দের সহযোগিতায় পতিত চরভূমি আবাদযোগ্য করে তাঁরা শসার চাষ শুরু করেন। এতে প্রত্যাশা অনুযায়ী ফলন পাওয়া যাচ্ছে। আরেক কৃষক আলীম ফকির বলেন, স্বল্প সময়ে ফলন আসায় কৃষকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

কর্মসংস্থান দুই শতাধিক মানুষের

খেতের পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার ও বালাইনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে প্রতিদিন প্রায় ২০০ শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে নারী শ্রমিকেরা দৈনিক ৪০০ টাকা এবং পুরুষ শ্রমিকেরা ৬০০ টাকা মজুরি পাচ্ছেন।

খেতে কর্মরত শ্রমিক মিরাজ, নয়ন, রিপন, সোহেল, মাসুদ, নুরজাহান, মাবিয়া ও তারাবানু জানান, দুর্গম চরাঞ্চলে নিয়মিত কাজের সুযোগ পেয়ে তাঁদের সংসারের অভাব অনেকটা দূর হয়েছে। এতে জীবিকা নির্বাহও সহজ হয়েছে।

আবাদ খরচ ও সম্ভাব্য লাভের বিষয়ে কৃষক জুলু প্রামাণিক জানান, প্রতি বিঘা জমি ইজারা নিতে গড়ে প্রায় ৫ হাজার টাকা ব্যয় হয়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি এবং থাকা-খাওয়াসহ বিঘাপ্রতি মোট খরচ পড়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। প্রাকৃতিক পরিবেশ ও বাজারদর অনুকূলে থাকলে প্রতি বিঘা জমি থেকে ১ লাখ থেকে দেড় লাখ টাকার শসা বিক্রির আশা করছেন তিনি।

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে শসা

কৃষক হাজী আবুসামা জানান, প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। নিজস্ব নৌকায় এসব শসা নাকালিয়া ও পেচাকোলা ঘাটে নেওয়া হয়। সেখান থেকে ট্রাক ও ট্রলিতে করে পাঠানো হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া পাইকারি আড়তে। পরে আড়তদার ও ব্যবসায়ীদের মাধ্যমে এসব শসা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, চরাঞ্চলের উর্বর পলিমাটি শসা চাষের জন্য অত্যন্ত উপযোগী। অন্য এলাকা থেকে আসা কৃষকেরা এখানে শসা চাষ করে স্বাবলম্বী হওয়ার নতুন দৃষ্টান্ত তৈরি করছেন। মানসম্মত বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং পোকামাকড় দমনে কৃষকেরা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, চরাঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করা প্রয়োজন। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে পতিত চরভূমি চাষাবাদের আওতায় আনা গেলে দেশের সামগ্রিক কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

কৃষিসংশ্লিষ্টদের মতে, যমুনার চরাঞ্চলকে শুধু নদীভাঙন ও বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে না দেখে মৌসুম ও মাটির বৈশিষ্ট্য অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা নিতে হবে। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ, ফসল সংরক্ষণ এবং পরিবহনব্যবস্থা সহজ করা গেলে চরাঞ্চলের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!