Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ভোলা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৩১ পিএম

শিক্ষকের অনুপস্থিতি, শিক্ষার্থীর খরায় বিপর্যস্ত চরাঞ্চলের স্কুল

ভোলা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৩১ পিএম

শিক্ষকের অনুপস্থিতি, শিক্ষার্থীর খরায় বিপর্যস্ত চরাঞ্চলের স্কুল

ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর পাড়ে অবস্থিত মুজিবনগর ইউনিয়নের ধলার চর মোতাহার ১ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র পাওয়া গেছে। বিদ্যালয়ের নিচতলা ব্যবহার করা হচ্ছে গরু-ছাগলের খোঁয়াড় হিসেবে। অন্যদিকে, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক নয়। অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগলের খোঁয়াড়

সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় স্থানীয় লোকজন গরু-ছাগল বেঁধে রেখেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই বিদ্যালয়ের নিচতলা গবাদিপশুর খোঁয়াড় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষক মামুন দ্রুত বিদ্যালয়ের আঙিনা ও কক্ষ পরিষ্কারের কাজে হাত লাগান।

দুই শিক্ষককে কৈফিয়ত তলব

গত সোমবার (২৩ নভেম্বর) বিদ্যালয়টিতে গিয়ে কর্মরত চার শিক্ষকের মধ্যে দুজনকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া যায়। তারা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. এনামুল এহসান।

এ ঘটনায় চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ওই দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অননুমোদিত অনুপস্থিতি সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি-সংক্রান্ত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

৬০ শিক্ষার্থীর স্কুলে উপস্থিত মাত্র ৭

বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতির তথ্যেও অসংগতি পাওয়া গেছে। বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী, সেখানে মোট শিক্ষার্থী ৬০ জন। শিক্ষকদের দাবি, এর মধ্যে ৩৮ জন নিয়মিত ক্লাসে আসে। তবে সরেজমিনে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব মিলিয়ে মাত্র সাতজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।

অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, দাপ্তরিক ও ব্যক্তিগত জরুরি কাজের কারণে সেদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। দুর্গম চরাঞ্চল হওয়ায় অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে চায় না। নিচতলায় গরু-ছাগল রাখার বিষয়ে স্থানীয়দের বারবার নিষেধ করা হলেও তারা তা মানছেন না।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতি সরকারি বিধিমালার পরিপন্থি। ইতিমধ্যে অভিযুক্ত দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা এবং নিচতলায় গরু-ছাগল রাখা কোনোভাবেই কাম্য নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!