শেরপুরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও নিয়মিত চালু হয়নি। স্থাপনাটি অব্যবহৃত পড়ে থাকায় শহরের বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করছেন মাংস ব্যবসায়ীরা। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি বাড়ছে।
জানা গেছে, পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতকরণের আধুনিক যন্ত্রপাতি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে শেরপুর পৌর শহরের দমদমা-কালীগঞ্জ মহল্লায় ৫০ শতক জমির ওপর আধুনিক কসাইখানাটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকে সেখানে নিয়মিত পশু জবাই হচ্ছে না।
উদ্বোধনের পরও কার্যক্রম বন্ধ
চলতি বছরের ২ জুন একটি গরু জবাইয়ের মধ্য দিয়ে কসাইখানাটির উদ্বোধন করা হয়। পরে জবাই করা গরুর মাংস প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে উদ্বোধনের পর আর সেখানে পশু জবাইয়ের কার্যক্রম চালু হয়নি।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে কসাইখানাটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে চলতি বছরের জুনে স্থাপনাটি শেরপুর পৌরসভার কাছে হস্তান্তর করে প্রাণিসম্পদ কার্যালয়।
কসাইখানাটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল শহরের যত্রতত্র পশু জবাই বন্ধ করা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশদূষণ কমানো। সেখানে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন ভেটেরিনারি সার্জন এবং ধর্মীয় নিয়ম মেনে জবাই নিশ্চিত করতে একজন আলেম নির্ধারিত রয়েছেন।
দূরত্ব ও পরিবহণ খরচের অজুহাত
শহরের বিভিন্ন বাজারের মাংস ব্যবসায়ীরা বলছেন, তাদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। শহর থেকে দূরে হওয়ায় পশু সেখানে নেওয়া এবং জবাইয়ের পর মাংস বাজারে ফিরিয়ে আনতে অতিরিক্ত পরিবহণ খরচ গুনতে হবে। এ কারণে তারা সেখানে যেতে আগ্রহী নন। ফলে শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।
এমনকি শহরের চাপাতলী মহল্লায় সনাতনী পদ্ধতিতে পশু জবাইয়ের জন্য থাকা পুরোনো জবাইখানাটিতেও এখন আর পশু জবাই হচ্ছে না।
চাপাতলী এলাকার মাংস ব্যবসায়ী সুরুজ আলী বলেন, ‘কসাইখানাটা শহর থেইকা অনেক দূরে। গরু নিয়া ওইহানে যাইতে গাড়ি লাগবো, আবার জবাই করার পর মাংস বাজারে আনতে হইবো। দুইবার গাড়িভাড়া দিলে আমাগো খরচ তো বাড়বই। এই খরচ দিয়া ব্যবসা করা কঠিন হইয়া যাইবো।’
নয়ানী বাজারের মাংস ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, কসাইখানা নির্মাণের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে সম্ভাব্য সমস্যাগুলো জানানো যেত। তার ভাষ্য, শুধু স্থাপনা নির্মাণ করলেই হবে না, ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধাও বিবেচনায় নিতে হবে। এত টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি ব্যবহার না হলে এর সুফল পাওয়া যাবে না।
তবে স্থানীয় কয়েকজনের ধারণা, নিয়ম মেনে পশু জবাই করতে হবে বলেই ব্যবসায়ীদের কেউ কেউ কসাইখানায় যেতে চাইছেন না। নাম প্রকাশ না করার শর্তে দমদমা-কালীগঞ্জ এলাকার এক বাসিন্দা বলেন, সেখানে পশু জবাইয়ের আগে চিকিৎসক পরীক্ষা করবেন। ফলে অসুস্থ বা খোঁড়া পশু জবাইয়ের সুযোগ থাকবে না। এ কারণে ব্যবসায়ীরা সেখানে যেতে অনাগ্রহী হতে পারেন। তিনি দ্রুত কসাইখানাটি চালুর দাবি জানান।
চালুর উদ্যোগ পৌরসভার
পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন বয়েজ’-এর সাধারণ সম্পাদক মারুফুর রহমান বলেন, শহরের বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করায় রক্ত ও বর্জ্য রাস্তায় পড়ে থাকে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবেশবান্ধব আধুনিক কসাইখানাটি চালু করা জরুরি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক মানের কসাইখানাটি চালু হলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের কয়েকটি বাজারের মাংস ব্যবসায়ী সেখানে যেতে চাইছেন না। তাদের বোঝানোর চেষ্টা চলছে। তাতে কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, মাংস ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তাদের কসাইখানায় নিতে পরিবহণ সুবিধা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এরপরও তারা সেখানে যেতে রাজি না হলে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া শুক্রবার থেকে কয়েকজন কসাই সেখানে গিয়ে পশু জবাই করতে রাজি হয়েছেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি


-20261126133922.jpg)

-20261126133344.jpg)












-20261124163219.jpg)


