রাজধানীর গুলশানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশান থানার ওই কর্মকর্তা নড়াইলে দায়ের করা একটি মানহানির মামলায় আদালতের জারি করা পরোয়ানা তামিল করতে তাঁর বাসায় যান।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে একটি মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান। তখন এসআই তাঁকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
২০১৮ সালে দায়ের হয় মামলা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল।
মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। এগুলো মানহানি ও রাষ্ট্রবিরোধী বক্তব্যসংক্রান্ত অভিযোগের সঙ্গে সম্পর্কিত।
হাইকোর্টের স্থগিতাদেশের মধ্যেই পরোয়ানা
মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন বলে জানা গেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এ অবস্থায় স্থগিত মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় যায়। পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।
আগেও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন মাহমুদুর রহমান
মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় শতাধিক মামলা দায়েরের তথ্য রয়েছে। এসব মামলায় রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ, তথ্যপ্রযুক্তি আইন, আদালত অবমাননা ও মানহানির মতো অভিযোগ আনা হয়েছিল। কয়েকটি মামলায় আদালতের রায় ও সাজাও হয়েছে। বিভিন্ন সময়ে তাঁকে কারাভোগ করতে হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পরও একটি হত্যা ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে তাঁকে কারাগারে যেতে হয়েছিল। তবে রাজনৈতিক বিবেচনায় বিপুলসংখ্যক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও মাহমুদুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানের সাংবাদিকদের বিরুদ্ধে করা কিছু মামলা এখনো চলমান রয়েছে।
কালের আলো/এসএ/এমএসআইপি




-20261126054159.jpg)











-20261124163219.jpg)



