ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরেও নজরদারি বাড়িয়েছে সরকার। সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশ এবং বাহিনীর অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘটনাও ঘটেছে।
একই সময়ে মাঠপর্যায়ে পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হচ্ছে। গতকাল বুধবার সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি জেলা সীমান্তবর্তী। এর আগে ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, নতুন নেতৃত্বের মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীকে আরও সক্রিয় ও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে।
পুলিশের ভেতরেও নজরদারি
বাহিনীর অভ্যন্তরে নজরদারি বাড়ানোর বিষয়টি বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁরা ষড়যন্ত্রে জড়িত। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনা তদন্ত করতে গিয়ে বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি কিছু পুলিশ সদস্যের নামও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থানরত সাবেক পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ দেশে কর্মরত পুলিশ সদস্যদের ফোন করে হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের কারণে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ ছাড়া বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচারের অভিযোগও উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে দেশে কর্মরত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও একজনকে হেফাজতে নেওয়ার কথা জানা গেছে।
একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১৪ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন ব্যবহার করে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ তথ্য তাঁদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে হেফাজতে নেওয়া হয়। তিনি এসআরবি-১৪-তে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খাগড়াছড়িতে কর্মরত আরেক অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকেও হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেছে। তাঁকে ঢাকায় আনতে গোয়েন্দা পুলিশের একটি দল খাগড়াছড়িতে যায় বলে জানানো হয়েছে। তবে তাঁর আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। ঢাকায় আনার পর তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এই কর্মকর্তাদের কয়েকজনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তাঁরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগে ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার সঙ্গে তাঁদের কারও সম্পৃক্ততা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রগুলোর দাবি, কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের আগের সময়ে দায়িত্ব পালনের সময় সংঘটিত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এসব অভিযোগের পাশাপাশি সাম্প্রতিক নাশকতা ও বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ ছাড়া গত সপ্তাহে ৩১তম বিসিএসের একজন পুলিশ কর্মকর্তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে। তাঁর বাড়ি নেত্রকোনায় এবং শ্বশুরবাড়ি গোপালগঞ্জে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হলেও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ব্যবহৃত মুঠোফোনটি রেখে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশের নেতৃত্বেও পরিবর্তন আনা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম কর্মকর্তাদের জেলায় দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না, তাঁদেরও পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হতে পারে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ সীমান্তবর্তী জেলা। সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এসব জেলায় নতুন নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নড়াইলে সম্প্রতি হামলায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের উপকমিশনার তৌহিদুল আরিফ।
এর আগে গত মঙ্গলবার পুলিশের আরও ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। তাঁদের মধ্যে দুজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন অতিরিক্ত ডিআইজি এবং আটজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সব মিলিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী ৩০ জেলায় সতর্কতা
এর আগে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। সীমান্ত দিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকাসহ আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
ডিসেম্বর পর্যন্ত নাশকতার আশঙ্কা
পুলিশের বাড়তি প্রস্তুতির পেছনে নভেম্বরের প্রথম তিন সপ্তাহের ঘটনাগুলোও ভূমিকা রাখছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল। যদিও ঘোষিত কর্মসূচির মতো প্রকাশ্যে বড় কোনো তৎপরতা দেখা যায়নি, এর আগে থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল।
পুলিশ সদর দপ্তরসংশ্লিষ্ট সূত্রের দাবি, গত দুই মাসে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে নতুন হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। পুলিশের আশঙ্কা, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতারাও থাকতে পারেন। এ ঝুঁকির বিষয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচিকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে।
অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানিয়েছেন, কোনো পুলিশ সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা, ষড়যন্ত্র কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাঁদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা, চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা এবং অপরাধের ধরন অনুসারে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
কালের আলো/এসএ/এমএসআইপি









-20261126054159.jpg)






-20261124163219.jpg)



