Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কুমিল্লা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০১:৩৬ পিএম

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

কুমিল্লা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০১:৩৬ পিএম

আমন খেতের পানিতে হাবুডুবু খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার আমন খেত পানিতে ডুবে গেছে। কোথাও কাটা ধান ভেসে গেছে, কোথাও জমিতে পড়ে থাকা ধান ভিজে কালচে হয়ে যাচ্ছে। এতে আমন ধান ও খড় নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। একই সঙ্গে জমিতে পানি জমে থাকায় পরবর্তী সরিষা ও গমের আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সূর্যের দেখা মিললেও মাঠের ফসল নিয়ে কৃষকদের দুশ্চিন্তা কাটেনি। নিয়ামতপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ডুবে যাওয়া ধান রক্ষায় ব্যস্ত কৃষকেরা। কেউ জমির পানি সরানোর চেষ্টা করছেন, কেউ ভেজা ধান তুলে উঁচু জায়গায় রাখছেন। পানি বের করার ব্যবস্থা না থাকায় অনেক কৃষক শুধু ধানের শীষ কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। জমিতে পড়ে থাকছে ধানের খড়।

ঋণের চাপে আগাম ধান কেটে বিপাকে

উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘুঘুডাংগা গ্রামের কৃষক মুনিরুল ইসলাম এনজিওর ঋণ ও ধারদেনা করে ১১ বিঘা জমিতে আমন আবাদ করেছিলেন। ধানের ফলনও ভালো হয়েছিল। কিন্তু ঋণ, সার ও কীটনাশকের দোকানের বকেয়া পরিশোধের চাপে ছয় বিঘা জমির ধান আগেই কেটে মাঠে রেখেছিলেন তিনি।

মুনিরুল ইসলাম বলেন, আর কয়েক দিন পর ধান কাটতে পারলে ভালো হতো। কাটা ধান মাড়াই করে বিক্রি করে ঋণ ও ধারদেনা পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে।

তিনি জানান, জমি নিচু হওয়ায় আশপাশের মাঠের পানি এসে তাঁর আমন খেত ডুবিয়ে দেয়। ভেসে যায় কাটা ধানও। সব চেষ্টা করেও ফসল রক্ষা করতে পারেননি তিনি।

ভেজা ধানে মিলবে না ভালো দাম

রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ ছয় বিঘা জমির ধান কয়েক দিন আগে কেটে মাঠে রেখেছিলেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে।

তিনি বলেন, ভেজা ধান মাড়াইয়ের পর বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যাবে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ধান কাটার পর দুই-এক দিনের মধ্যে জমিতে সরিষা ও গম চাষের পরিকল্পনা ছিল। কিন্তু পানি জমে থাকায় সেই পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

ইকরাপাড়া গ্রামের কৃষক সত্যবান জানান, অসময়ের বৃষ্টিতে তাঁর পাঁচ বিঘা জমির কাটা আমন ধান দুই দিন পানিতে ডুবে ছিল। এতে ধানের রং কিছুটা কালচে হয়ে গেছে। মাড়াইয়ের পর এসব ধান ভালো দামে বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

সত্যবান বলেন, পাঁচ বিঘা জমির ধানের খড় বিক্রি করে অন্তত ২৫ হাজার টাকা পাওয়ার আশা ছিল। কিন্তু পানিতে ডুবে যাওয়ায় সেই আশাও শেষ হয়ে গেছে। এ দুর্যোগে তাঁর মতো অনেক আমন চাষি বড় ক্ষতির মুখে পড়েছেন।

সরিষা-গমের আবাদ নিয়েও শঙ্কা

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই আমন ধান ঘরে তোলার পর জমিতে সরিষা বুনেছিলেন। আবার কেউ কেউ ধান কাটার পর সরিষা ও গম চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় এসব ফসলের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকদের আশঙ্কা, কাটা ধান দীর্ঘ সময় পানিতে ভিজে থাকায় ফলন ও গুণগত মান কমতে পারে। ধানের পাশাপাশি খড় নষ্ট হওয়ায় তাঁদের লোকসানের পরিমাণ আরও বাড়বে।

কৃষি বিভাগের আশ্বাস

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর নিয়ামতপুরের আটটি ইউনিয়নে ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১১২ মেট্রিক টন।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ধানের ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!