একসময় প্রতিদিন প্রায় ছয়টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করত বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে। যাত্রীদের পদচারণা, লঞ্চের হুইসেল আর পণ্য ওঠানামায় মুখর থাকত বন্দর। তবে নদীর নাব্যতা সংকট ও পদ্মা সেতু চালুর পর সড়ক যোগাযোগ সহজ হওয়ায় ধীরে ধীরে কমে যায় যাত্রী। একপর্যায়ে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। এখন ঘাটে পড়ে আছে পুরোনো টার্মিনাল। আর সেই টার্মিনালকে ঘিরে ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টার্মিনালটি বহাল রয়েছে। এর সুযোগ নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তার যোগসাজশে ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় করছে।
একসময় ব্যস্ত ছিল ঢাকা-টরকী নৌরুট
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে এ বন্দরের সরাসরি নৌযোগাযোগ ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
এমভি রাজধানী, মহানগরী, নিউসান ও মানসীসহ বিভিন্ন নামের লঞ্চ নিয়মিত চলাচল করত ঢাকা-টরকী নৌরুটে। টরকী বন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এসব লঞ্চ পথে গৌরনদী, পিঙ্গলাকাঠী, কয়ারিয়া, রামারপোল, হোসনাবাদ, বোয়ালিয়া, নোমরহাট, চরমালিয়া ও ঢালীবাড়িসহ বিভিন্ন ঘাটে যাত্রাবিরতি করত।
যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ছিল এ নৌপথ। টরকী বন্দর থেকে ঢাকায় পাঠানো হতো বরিশালের বিখ্যাত পান, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছসহ নানা পণ্য। এ ছাড়া টরকী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশেও প্রতিদিন একটি লঞ্চ ছেড়ে যেত, যা চাঁদপুরে যাত্রাবিরতি করত। সব মিলিয়ে একসময় ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন প্রায় ছয়টি লঞ্চ চলাচল করত।
নাব্যতা সংকট ও পদ্মা সেতুতে বদলে যায় চিত্র
স্থানীয়দের ভাষ্য, নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়া এবং পরবর্তী সময়ে পদ্মা সেতু চালুর পর সড়কপথে যোগাযোগ সহজ হওয়ায় এ নৌরুটে যাত্রীসংখ্যা কমতে থাকে। একপর্যায়ে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। থেমে যায় নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সেই কর্মচাঞ্চল্যও।
এখন নদী, ঘাট ও পুরোনো টার্মিনাল থাকলেও নেই লঞ্চের হুইসেল কিংবা যাত্রীদের ভিড়। একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট পরিণত হয়েছে স্মৃতিতে।
টার্মিনাল ঘিরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
লঞ্চ চলাচল বন্ধ হলেও টরকীর পুরোনো লঞ্চঘাটে বিআইডব্লিউটিএর একটি টার্মিনাল রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, এ টার্মিনালকে কেন্দ্র করে তাঁদের কাছ থেকে বিভিন্নভাবে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী ও ক্রেতা জানান, টরকী বন্দরে ব্যবসা করতে আসা কিংবা কেনাকাটা করতে গিয়ে তাঁদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। নৌকা, ট্রলারসহ যেকোনো নৌযান ঘাটে ভিড়লেই যাত্রী ও পণ্যের টোলের নামে টাকা আদায় করা হয় বলে তাঁদের অভিযোগ।
তাঁদের আরও অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তার যোগসাজশে ইজারার নামে এই অর্থ আদায় করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের প্রশ্ন, যেখানে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ, সেখানে টার্মিনালের নামে বাড়তি অর্থ আদায়ের যৌক্তিকতা কী? যাত্রী পরিবহনের কার্যক্রম না থাকলেও কেন বন্দরের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের এ ব্যয় বহন করতে হবে?
টার্মিনাল সরানোর দাবি
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মতে, একসময় যে নৌ টার্মিনাল মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে সুবিধা দিত, সেটিই এখন তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় টার্মিনালটি সরিয়ে নেওয়া অথবা ঘাটকে সম্পূর্ণ ইজারামুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁরা বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ঐতিহ্যবাহী টরকী বন্দরে ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর বাড়তি অর্থের চাপ না থাকে।
একসময় যে নদীপথ ছিল যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র, সেখানে এখন নীরবতা। লঞ্চের হুইসেল আর যাত্রীদের কোলাহল হারিয়ে গেলেও টার্মিনাল ঘিরে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন—লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পরও কেন বহাল রয়েছে এ টার্মিনাল, আর এর নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগের দায় কেন বহন করবেন সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা?
কালের আলো/এএইচ/এমএসআইপি

















-20261124163219.jpg)


