Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:১৬ এএম

ডুবোচরে ব্যাহত নৌ চলাচল, বন্ধের উপক্রম শতাধিক ঘাট

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:১৬ এএম

ডুবোচরে ব্যাহত নৌ চলাচল, বন্ধের উপক্রম শতাধিক ঘাট

ব্রহ্মপুত্রসহ কুড়িগ্রামের সব নদ-নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। পানি কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ডুবোচর ও বালুচর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। এতে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে দুর্ভোগ বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার চরাঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ। নাব্যতা সংকটের কারণে শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সম্প্রতি কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীর বুকে অসংখ্য বালুচর জেগে উঠেছে। নাব্যতা কমে যাওয়ায় অনেক জায়গায় আগের ঘাট সরিয়ে অন্য স্থানে নিতে হয়েছে। সরু হয়ে আসা নদীপথে চলতে গিয়ে মাঝেমধ্যে আটকে যাচ্ছে নৌকা।

ঘাটে পৌঁছাতেই পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ

স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রাপুর ঘাট থেকে বিভিন্ন চরে যাতায়াত এখন আগের চেয়ে অনেক কঠিন। ঘাট স্থানান্তরিত হওয়ায় মূল ভূখণ্ড থেকে নৌঘাটে পৌঁছাতেই কয়েক মাইল হাঁটতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। পণ্য ও রোগী পরিবহনেও তৈরি হচ্ছে ভোগান্তি।

যাত্রাপুর ঘাটের সঙ্গে অন্তত ৫০টি ছোট-বড় নৌঘাটের যোগাযোগ রয়েছে। নারায়ণপুর চরের বাসিন্দাদের ভাষ্য, চর জেগে ওঠায় যাত্রাপুর নৌঘাট প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে। আগে প্রতিদিন পাঁচ শতাধিক নৌকা এ ঘাট দিয়ে চলাচল করলেও নাব্যতা কমে যাওয়ায় এখন নৌকার সংখ্যা অর্ধেকে নেমেছে।

নারায়ণপুরের বাসিন্দা শামসুল ইসলাম খন্দকার বলেন, নদীতে চর জেগে ওঠায় এখন নারায়ণপুর যেতে আড়াই ঘণ্টা সময় লাগে। নৌকা সরাসরি ঘাটে ভিড়তে পারে না। দীর্ঘ বালুপথ পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে পাড়ি দিতে হয়।

তিনি জানান, যাত্রাপুর নৌঘাট থেকে বাজার পর্যন্ত যেতে হয় ঘোড়ার গাড়িতে অথবা হেঁটে। এতে জেলা সদরে গিয়ে অফিস-আদালতের কাজ সময়মতো করা কঠিন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে নৌকা ভাড়া করে আসা-যাওয়ায় খরচ হয় ১ হাজার ৫০০ টাকা।

দ্বিগুণ সময় লাগছে নৌযাত্রায়

শামসুল ইসলাম আরও জানান, যাত্রাপুর ঘাট থেকে ভগবতীপুর, রলাকাটা, অষ্টআশিরচর, কালির আলগা, চিড়াখাওয়া ও গোয়ালপুরিসহ বিভিন্ন চরে যেতে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। নাব্যতা সংকটের কারণে শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেকার হয়ে পড়ছেন কয়েক হাজার মাঝি ও জেলে।

নৌকার মাঝিরা জানান, নদীতে পানি কমে যাওয়ায় এবং ডুবোচর জেগে ওঠায় ঘুরে ঘুরে নৌকা চালাতে হচ্ছে। এতে সময় ও ডিজেল খরচ বাড়ছে। কোথাও কোথাও নৌকার পাখাও ভেঙে যাচ্ছে। বাড়তি খরচের কারণে যাত্রী কমে যাওয়ায় আয়ও কমেছে তাঁদের।

যাত্রাপুর ঘাটের যাত্রী নাজমুল হক বলেন, নৌপথে চর জেগে ওঠা এবং ডিজেলের দাম বাড়ার কারণে প্রতিটি রুটে নৌকাভাড়া ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

কালির আলগা চরের বাসিন্দা মাসুদ রানা বলেন, চরে যাওয়ার জন্য সারা দিনে একটি নৌকা পাওয়া যায়। তাতেও সময় ও ভাড়া বেশি লাগে। সরকারিভাবে বিআরটিসির মতো নৌযান চালু করা হলে চরাঞ্চলের দরিদ্র মানুষের উপকার হবে।

পণ্য পরিবহনেও স্থবিরতা

যাত্রাপুর ঘাটের নৌকার মালিক আব্দুস সামাদ বলেন, আগে যাত্রাপুর থেকে দৈ খাওয়ার চরে যেতে ৪৫ মিনিট লাগত। এখন একই পথ পাড়ি দিতে আড়াই ঘণ্টা সময় লাগে। পরিবহন সমস্যার কারণে চর থেকে আগের মতো মালামাল আসছে না। এতে অনেক নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির মালিক ও কুলি বেকার হয়ে পড়েছেন।

ব্রহ্মপুত্রের পাশাপাশি ধরলা, তিস্তা ও দুধকুমার নদেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে জেলা ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রাখতে হিমশিম খাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা।

ড্রেজিংয়ের আপাতত পরিকল্পনা নেই

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, নদ-নদীতে ড্রেজিং করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনা নদ খননের জন্য মেগা প্রকল্প নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে নাব্যতা সংকট কমার পাশাপাশি নৌযোগাযোগ ব্যবস্থাও সহজ হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!