Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কুমিল্লা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:৪১ এএম

ক্ষেতে ফুলকপি ১০ টাকা, খুচরা বাজারে ৮০

কুমিল্লা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:৪১ এএম

ক্ষেতে ফুলকপি ১০ টাকা, খুচরা বাজারে ৮০

ক্ষেতে উৎপাদিত প্রতি পিস ফুলকপি কৃষকের কাছ থেকে ১০ থেকে ১২ টাকা দরে কিনছেন পাইকারি ব্যবসায়ীরা। পরিবহন ও শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খরচ যোগ করে নিমসার পাইকারি বাজারে সেটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। অথচ একই ফুলকপি কুমিল্লার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আকারে বড় হলে দাম উঠছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

কয়েক দফা হাতবদলে ক্ষেত থেকে ভোক্তার হাতে পৌঁছাতে ফুলকপির দাম বেড়ে যাচ্ছে তিন থেকে চার গুণ। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, আর বাড়তি দামে সবজি কিনতে গিয়ে চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের বাড়তি মুনাফার সুযোগ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

পরিবহন ও শ্রমিক খরচের হিসাব

কুমিল্লার নিমসার পাইকারি বাজারে চার হাজার ফুলকপি এনেছেন ব্যবসায়ী শাহ জালাল। চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে আনা এসব ফুলকপি তিনি ক্ষেত থেকে আকারভেদে ১০ থেকে ১২ টাকা দরে কিনেছেন।

শাহ জালাল জানান, চার হাজার ফুলকপি কিনতে তাঁর খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ক্ষেত থেকে ট্রাকে তুলতে শ্রমিকের মজুরি দিতে হয়েছে ১৬ হাজার টাকা। ট্রাকভাড়া ও পথখরচ বাবদ ব্যয় হয়েছে আরও ২৬ হাজার টাকা। সব মিলিয়ে নিমসার বাজারে ফুলকপিগুলো আনতে তাঁর খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।

তাঁর হিসাবে, প্রতিটি ফুলকপি বাজারে আনতে খরচ পড়েছে ২০ থেকে ২৫ টাকা। এর সঙ্গে চার থেকে পাঁচ টাকা লাভ রেখে তাঁরা পাইকারি বাজারে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন। কিন্তু খুচরা বাজারে একই ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। বড় আকারের ফুলকপির দাম কোথাও ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত উঠছে।

হাতবদলে বাড়ছে দাম

সম্প্রতি নিমসার বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ব্যবসায়ীদের হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় সরগরম বাজারটি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে আসছে ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন নানা সবজি। চুয়াডাঙ্গা, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব সবজি ভোর থেকেই কেনাবেচা হচ্ছে।

বাজারের নোয়াখালী বাণিজ্যালয়ের আড়তদার মো. শফিকুল ইসলাম বলেন, কৃষকেরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান না। ক্ষেত থেকে বাজারে সবজি আনতে পরিবহন ও শ্রমিকের মজুরিসহ নানা খরচ রয়েছে। পথে যানজটে পড়ে অনেক সবজি নষ্টও হয়। পচা সবজি খুচরা বিক্রেতারা কিনতে চান না। ফলে এসব ক্ষতির দায় পাইকারদের বহন করতে হয়।

শফিকুল ইসলামের ভাষ্য, এসব খরচ বাদ দিয়ে পাইকারি ব্যবসায়ীরা সামান্য লাভে পণ্য বিক্রি করেন। তবে কয়েক দফা হাতবদলের কারণে খুচরা বাজারে সবজির দাম অনেক বেড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষক ও সাধারণ ক্রেতা; মাঝখানে একশ্রেণির ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী বেশি লাভবান হন।

অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে সবজি কিনে আনার পর পরিবহন, শ্রমিকের মজুরি, দোকানভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হয়। এসব ব্যয় সমন্বয় করেই তাঁদের বিক্রয়মূল্য নির্ধারণ করতে হয়।

কুমিল্লার দাউদকান্দি বাজারের খুচরা বিক্রেতা আব্দুস সাত্তার বলেন, পাইকারি বাজার থেকে একটি ফুলকপি ৩০ টাকা দিয়ে কিনলে খুচরা বাজারে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে হয়। কারণ, পরিবহন ও শ্রমিক খরচের পাশাপাশি দোকানভাড়াও দিতে হয়। এসব খরচ হিসাব না করলে ব্যবসা করে টিকে থাকা কঠিন।

পাইকারি ও খুচরা দামে বড় ব্যবধান

মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লার রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ও খুচরা দামের মধ্যে বেশ ব্যবধান রয়েছে। নিমসার পাইকারি বাজারে ৩০ টাকা দরে কেনা ফুলকপি রাজগঞ্জে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। বড় আকারের ফুলকপির দাম ৯০ থেকে ১০০ টাকা।

কুমিল্লার অন্যান্য বাজারের খুচরা বিক্রেতারা গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ার কথা জানিয়েছেন। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে কয়েক ধরনের সবজি বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

রাজগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী তানভীর হোসেন ও জামাল উদ্দিন বলেন, পাইকারি বাজার থেকে সবজি এনে বিক্রি করতে পরিবহন খরচ ও দোকানভাড়া দিতে হয়। এসব ব্যয় হিসাব করেই বিক্রির দাম নির্ধারণ করতে হয়। বেশি দামে বিক্রি না করলে ব্যবসায় টিকে থাকা কঠিন।

নিমসার ও নগরীর বাজারদর

নিমসার পাইকারি বাজারে প্রতি কেজি শিম ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা এবং ধনেপাতা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম ৩০ থেকে ৪০ টাকা। এক হালি মূলা ১৫ থেকে ২০ টাকা, সাদা আলু প্রতি কেজি ২০ টাকা এবং ২০ কেজি খিরাই ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৪০ কেজি বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

অন্যদিকে, একই দিন কুমিল্লা নগরীর খুচরা বাজারে প্রতি কেজি শিম ৮০ টাকা, কাঁচামরিচ ১৫০ থেকে ২০০ টাকা, টমেটো ১৭০ টাকা এবং ধনেপাতা ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতিটি লাউ ৭০ থেকে ৮০ টাকা, এক হালি মূলা ৩৫ থেকে ৪০ টাকা, সাদা আলু প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা এবং খিরাই প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ভাউচার না রাখায় নজরদারিতে জটিলতা

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত। তবে খুচরা বিক্রেতারা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্য কেনার ভাউচার সংরক্ষণ করেন না।

তিনি বলেন, অভিযানে গেলে পাইকারি বিক্রেতারা জানান, তাঁরা ভাউচার দিতে চান। কিন্তু খুচরা বিক্রেতারা বাজারে এসে আগে দোকান খোলার প্রতিযোগিতায় অনেক সময় ভাউচার নেন না।

সহকারী পরিচালক আরও বলেন, বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রয়েছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে দ্রুত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!