Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:০৮ পিএম

ক্ষমতা বাঁচাতে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:০৮ পিএম

ক্ষমতা বাঁচাতে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ইসরায়েলের রাজনীতিতে ক্ষমতা ধরে রাখার কঠিন সমীকরণের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোট সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতা হারানোর আশঙ্কায় একাধিক কৌশল নিয়ে এগোচ্ছেন নেতানিয়াহু। এর মধ্যে রয়েছে বিরোধী জোটে ভাঙন সৃষ্টি, ঐক্যের সরকার গঠনের প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে ইরানে নতুন করে সামরিক হামলা চালানো।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এ ছাড়া ইসরায়েলি-আরব নেতাদের জোট জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি এবং আরব নেতা মনসুর আব্বাসের দল রাআম পেয়েছে ৮টি আসন। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে বিরোধী দল ও জোটগুলোর সমর্থন পাওয়ায় সরকার গঠনের দৌড়ে এগিয়ে যান আইজেনকট। নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেসিডেন্ট হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তাঁকে সমর্থনের সুপারিশ করা দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা ৬৭।

সরকার গঠনের প্রক্রিয়ায় আইজেনকটের পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে। নেতানিয়াহুর মনোনীত প্রার্থীকে পরাজিত করে স্পিকার নির্বাচিত হন আইজেনকটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাতান কাহানা। অন্যদিকে ডেপুটি স্পিকার নির্বাচিত হন জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি। এসব ঘটনা বিরোধী জোটের সরকার গঠনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

তবে ক্ষমতা ছাড়তে নারাজ নেতানিয়াহু। ইসরায়েলবিষয়ক লেখক ও বিশ্লেষক মায়সারা বাহরের মতে, ক্ষমতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় সব ধরনের কৌশল গ্রহণ করতে পারেন তিনি।

সরকার গঠনে ঐক্যের প্রস্তাব নেতানিয়াহুর
নেতানিয়াহুর সামনে থাকা প্রথম কৌশল হলো আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে ঐক্যের সরকার গঠন। এ লক্ষ্যে তাঁর দল লিকুদ পার্টি ইতিমধ্যে আইজেনকটের দলের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

আইজেনকট বিভিন্ন সময় জানিয়েছেন, নেতানিয়াহুর দল বা জোটের কোনো আইনপ্রণেতা যদি বিরোধী জোটের মূলনীতির প্রতি আস্থা রেখে তাঁদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে তাঁকে স্বাগত জানানো হবে। তবে নেতানিয়াহুকে বাদ দিয়েই এমন সমঝোতা হতে হবে।

নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনার বিষয়টি বিরোধী জোটের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি করেছে। জোটের অন্যতম নেতা ও ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি আইজেনকটের দলের সঙ্গে তাঁর দলের আলোচনা স্থগিত করার ঘোষণাও দিয়েছেন।

ফলে ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়ে নেতানিয়াহু একদিকে নিজের ক্ষমতা ধরে রাখার সুযোগ খুঁজছেন, অন্যদিকে বিরোধী জোটের অভ্যন্তরীণ ঐক্যেও চাপ তৈরি করছেন।

বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা
নেতানিয়াহুর দ্বিতীয় কৌশল হলো আইজেনকটের সমর্থক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করা। এ উদ্দেশ্যে তিনি বিরোধী জোটের গুরুত্বপূর্ণ দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেছেন।

সরকারি ভাষ্যে এসব বৈঠকের উদ্দেশ্য ছিল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা। তবে রাজনৈতিক সমঝোতা ও সরকার গঠনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

নাফতালি বেনেট বৈঠকের আগে আইজেনকটের জোটের অন্য নেতাদের বিষয়টি জানাননি। এতে জোটের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়। পরে বেনেট জানান, তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। তবে এমন সরকারের শুরুতে প্রধানমন্ত্রী হতে হবে আইজেনকটকে।

অন্যদিকে লিবারম্যান নেতানিয়াহুর সঙ্গে কোনো ধরনের সরকার গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন। তিনি নেতানিয়াহুর ঐক্যের সরকার গঠনের প্রস্তাবকে ফাঁদ হিসেবে উল্লেখ করে বলেছেন, পৃথিবী উল্টে গেলেও তিনি নেতানিয়াহুর সঙ্গে সরকারে যাবেন না।

এদিকে আরব দলগুলো সরাসরি সরকারে যোগ না দিলেও বাইরে থেকে আইজেনকটকে সমর্থন দেওয়ার অবস্থান নিয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জয়েন্ট লিস্ট ও রাআম তাঁকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছিল। এতে আইজেনকটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন তৈরি হয়।

তবে নেতানিয়াহু আরব দলগুলোর নেতাদের সঙ্গেও গোপনে যোগাযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। সরকার গঠনপ্রক্রিয়া ব্যর্থ করতে জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি ও রাআম নেতা মনসুর আব্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। পরে ওই দুই নেতা বিষয়টি প্রকাশ্যে আনেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন নেতাও যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন।

জেরুজালেম সেন্টার ফর স্টাডিজ অন ইসরায়েলি অ্যাফেয়ার্সের গবেষক ইয়াসের মান্নার মতে, নেতানিয়াহুর জন্য নতুন জোট গঠন করা জরুরি নয়। আইজেনকটকে সরকার গঠন করতে না দিলেই আপাতত তাঁর প্রধানমন্ত্রিত্ব টিকে থাকতে পারে। বড় কোনো সংঘাত তৈরি হলে জাতীয় ঐক্যের সরকারের দাবি জোরালো হতে পারে এবং বিরোধী জোটের সরকার গঠনের আলোচনা পিছিয়ে যেতে পারে।

ইরানে নতুন হামলার পরিকল্পনা কেন
নেতানিয়াহুর তৃতীয় এবং সবচেয়ে আলোচিত কৌশল হলো ইরানে নতুন করে সামরিক হামলা চালানো। এ উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে সেটিকে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে তুলে ধরে বিরোধী জোটকে ঐক্যের সরকার গঠনে বাধ্য করার সুযোগ তৈরি হতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও জোরদার করেছেন নেতানিয়াহু। গত ১৩ নভেম্বর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটন সফর করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া মিয়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর বৈঠক হয়।

মোসাদপ্রধানের এই সফরের আগে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছিল। সেখানে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয় বলে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানকে ঘিরে পরবর্তী সামরিক পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েই এসব যোগাযোগের মূল উদ্দেশ্য ছিল।

কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নেতানিয়াহু এখন রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখে রয়েছেন। তাঁর আচরণে ক্ষমতা হারানোর আশঙ্কা স্পষ্ট। নতুন করে যুদ্ধ শুরু হলে সেটিকে জরুরি পরিস্থিতি হিসেবে দেখিয়ে আইজেনকটের জোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে চাপ দেওয়া সম্ভব হতে পারে।

ইরান নিয়ে ইসরায়েলের ভেতরেও মতবিরোধ
ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলেও মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহুর বিরোধীরা আশঙ্কা করছেন, নতুন সরকার গঠনের প্রক্রিয়া থামাতে তিনি ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে সংঘাত উসকে দিতে পারেন।

তবে গাদি আইজেনকটের বক্তব্য ভিন্ন। তাঁর মতে, নতুন সরকার গঠনের আগে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেওয়ার মতো কোনো হুমকি তিনি দেখছেন না। বরং ইরানের যেসব সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংস বা সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, সেগুলোর ওপর ইসরায়েলের মনোযোগ দেওয়া উচিত।

এদিকে নেতানিয়াহুর অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা সেনাবাহিনীকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তাঁর নিয়োগ দেওয়া কয়েকজন শীর্ষ কর্মকর্তা দ্রুত সামরিক অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামিরের মত ভিন্ন। তাঁর মতে, এই মুহূর্তে নতুন করে যুদ্ধে জড়ানোর তাৎক্ষণিক প্রয়োজনীয়তা নেই।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ধারণা, নেতানিয়াহু এমন পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এরপর সেই সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে জরুরি পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে। এতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

বারাকের মতে, একই ধরনের পরিস্থিতি তৈরির জন্য লেবানন, গাজা কিংবা পশ্চিম তীরকেও সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়েছিল। ফলে নতুন করে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।

ক্ষমতা ধরে রাখাই এখন নেতানিয়াহুর প্রধান লক্ষ্য
সব মিলিয়ে নির্বাচনে সর্বাধিক আসন পেয়েও সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নেতানিয়াহু এখন একাধিক রাজনৈতিক ও সামরিক সমীকরণ সামনে রেখে এগোচ্ছেন। একদিকে আইজেনকটের সঙ্গে ঐক্যের সরকারের আলোচনা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতবিরোধ বাড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি ইরানকে ঘিরে নতুন সামরিক সংঘাতের সম্ভাবনাও সামনে রাখছেন।

তবে তাঁর এসব কৌশল কতটা সফল হবে, তা নির্ভর করছে বিরোধী জোটের ঐক্য, আরব দলগুলোর অবস্থান, যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ইসরায়েলের সামরিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। আইজেনকট সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে বড় পরিবর্তন আসতে পারে। আর নতুন কোনো সংঘাত তৈরি হলে শুধু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!