Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:২৬ পিএম

দেড় বছরেও শেষ হয়নি কেওড়াকাটা ওয়াচ টাওয়ার

খুলনা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১২:২৬ পিএম

দেড় বছরেও শেষ হয়নি কেওড়াকাটা ওয়াচ টাওয়ার

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলায় পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে নেওয়া হয়েছিল কেওড়াকাটা পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ। প্রায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সেখানে চারতলা একটি ওয়াচ টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের দেড় বছর পেরিয়ে গেছে। অথচ নির্মাণস্থলে এখন পর্যন্ত দৃশ্যমান মাত্র চারটি পিলার ও সিঁড়ির একটি ধাপ। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাকি কাজ।

২০ একর জায়গায় পর্যটনকেন্দ্রের উদ্যোগ

সরেজমিনে দেখা যায়, কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধসংলগ্ন প্রায় ২০ একর জায়গায় কেওড়াকাটা পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর ওপারেই বিস্তৃত সুন্দরবন। নদী, বন ও জীববৈচিত্র্যের সৌন্দর্য পর্যটকদের উপভোগের সুযোগ করে দিতেই সেখানে ওয়াচ টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়।

কিন্তু নির্মাণস্থলের বর্তমান চিত্র হতাশাজনক। চারপাশে জোয়ারের পানি, আর সেই পানির মধ্যে দাঁড়িয়ে আছে ওয়াচ টাওয়ারের চারটি পিলার। পাশে রয়েছে সিঁড়ির একটি ধাপ। এ ছাড়া নির্মাণকাজের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি চোখে পড়েনি।

৪৯ লাখ টাকা ব্যয়ের দাবি ঠিকাদারের

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের নথি অনুযায়ী, ‘কয়রা সদর ইউনিয়নে কেওড়াকাটা পর্যটনকেন্দ্রে ওয়াচ টাওয়ার নির্মাণ’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ৬ লাখ ৪০ হাজার ১৯১ টাকা। দরপত্রের মাধ্যমে ১ কোটি ৬ লাখ ২২ হাজার ১৫৯ টাকায় কাজটি পায় মেসার্স সৈয়দ জিয়াউল হক নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২৪ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ওই বছরের ৩০ আগস্ট কাজ শুরু করে ২০২৫ সালের ২৯ মে’র মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়েই আটকে আছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈয়দ জিয়াউল হক জানান, প্রকল্পের কাজে এ পর্যন্ত প্রায় ৪৯ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে অর্থ ছাড় না হওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখতে হয়েছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা না করায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। অর্থ পাওয়া গেলে তাঁরা আবার নির্মাণকাজ শুরু করবেন।

কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রেজা হাসান বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হলে আবারও নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, সুন্দরবনসংলগ্ন কয়রা পর্যটনের অপার সম্ভাবনাময় এলাকা। এখানে পর্যটনকেন্দ্র নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ২০২৫ সালে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করে পর্যটনকেন্দ্রটি উদ্বোধনের পাশাপাশি কয়রাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকি বলেন, প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!