Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

রাঙামাটি সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩০ এএম

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে বীজতলা, ক্ষতির মুখে লংগদুর কৃষক

রাঙামাটি সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩০ এএম

কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে বীজতলা, ক্ষতির মুখে লংগদুর কৃষক

কাপ্তাই হ্রদের পানি প্রত্যাশিত মাত্রায় না কমায় রাঙামাটির লংগদু উপজেলার হাজারো কৃষকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বোরো ধান, সরিষা ও তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। দ্রুত পানি না কমলে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকার বীজতলা তলিয়ে গেছে। গত বছরও একই কারণে ক্ষতির মুখে পড়েছিলেন এ অঞ্চলের অনেক কৃষক।

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে পানি

সরেজমিনে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপৎসীমা ১০৮ ফুট এমএসএল। গত সেপ্টেম্বরে হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুটে পৌঁছালে জলকপাট খোলা হয়েছিল। এরপর পানি কমতে থাকায় হ্রদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠে। এতে নতুন মৌসুমের চাষাবাদের প্রস্তুতি শুরু করেন কৃষকরা।

তবে গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদের পানি আবারও প্রায় এক ফুট বেড়ে যায়। এতে বিভিন্ন এলাকার বীজতলা পানিতে তলিয়ে যায়। পানি কমার অপেক্ষায় থাকা কৃষকদের নতুন করে অনিশ্চয়তায় পড়তে হয়।

এ সময়ে হ্রদের পানি আরও কমবে—এমন প্রত্যাশা ছিল কৃষকদের। কিন্তু পানি না কমে বেড়ে যাওয়ায় অনেকের বীজতলা নষ্ট হচ্ছে। দ্রুত পানি না কমলে পুরো মৌসুমের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

ঋণ ও ধারদেনা করে চাষাবাদ

উপজেলার সোনারগাঁও ও ডিপুরমুখ এলাকার তরমুজচাষিরা জানান, ঋণ ও ধারদেনা করে তাঁরা চাষাবাদ শুরু করেছেন। কেউ দুই থেকে তিন লাখ টাকা দিয়ে জমি ভাড়া নিয়েছেন। আবার কেউ আড়ত থেকে এক থেকে দুই লাখ টাকা অগ্রিম নিয়ে চাষে নেমেছেন।

এ অবস্থায় হ্রদের পানি বেড়ে বীজতলা নষ্ট হওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। কৃষকদের দাবি, দ্রুত হ্রদের পানি অন্তত পাঁচ ফুট কমাতে হবে। তা না হলে বিনিয়োগ করা অর্থ হারিয়ে ঋণের বোঝা নিয়ে বিপাকে পড়তে হবে।

দ্রুত পানি কমানোর দাবি

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, গত বছরও উপজেলার অনেক কৃষক কাপ্তাই হ্রদের পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমলে কৃষকদের বড় ধরনের বিপাকে পড়তে হবে। এরই মধ্যে অনেক কৃষক সরিষা ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা প্রস্তুত করতে পারেননি। কৃষকের স্বার্থে দ্রুত পানি কমানো প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি কমানোর বিষয়টি এখন আর তাঁর নিয়ন্ত্রণে নেই। যেভাবে পানি কমছে, সেভাবেই কমতে থাকবে। কৃষকদের ক্ষতির বিষয়ে তিনি জানান, গত বছর এ সময়ে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ ফুট এমএসএল। বর্তমানে তা ১০০ ফুট এমএসএল।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, হ্রদের পানি দ্রুত কমে যাবে। বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সদ্য জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!