নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা দীর্ঘ বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হতে গিয়ে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ। সবজি ও অন্যান্য পণ্য নিয়ে বাজারে যেতেও পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন সেতুর পাশে নদীর ওপর আড়াআড়িভাবে তৈরি বাঁশের সাঁকো দিয়ে সতর্কতার সঙ্গে পারাপার হচ্ছেন স্থানীয়রা। সেতুর জন্য ১৮টি পাইলিং খুঁটি নির্মাণের কাজ শুরু হলেও নদীর পানির ওপরের অংশে দৃশ্যমান কোনো নির্মাণকাজ চোখে পড়েনি।
ঝুঁকি নিয়ে পারাপার শিক্ষার্থীদের
স্থানীয় চায়ের দোকানি বাবুল মিয়া বলেন, এভাবে কাজ চলতে থাকলে সেতুর নির্মাণকাজ কবে শেষ হবে, তা কেউ বলতে পারবেন না।
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রহিমা খাতুন ও সাদিয়া আক্তার জানায়, প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে শিশুরা হোঁচট খেয়ে পড়ে আহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষক মো. শহিদুল্লাহ মিয়া দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।
ব্যক্তিগত উদ্যোগে বাঁশের সাঁকো
দীর্ঘদিনেও সেতুর নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ব্যক্তিগত অর্থ ব্যয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন ইমামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সোলায়মান মিয়া।
নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি
গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানিয়েছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কয়েক দফা তাগিদপত্র দেওয়া হয়েছে। তবে তাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স বিক্রমপুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তমাল বলেন, সেতুর নির্মাণস্থলে পিলারের ভিত্তি নির্মাণ করা হয়েছে। কাজ শেষ করার জন্য সময় বাড়ানোর আবেদনও করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি







-20261125164906.jpg)








-20261124163219.jpg)



