‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। সকাল সাড়ে ৯টায় ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে পালিত হবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
থাকছে ৬৪ স্টল ও ছয় প্যাভিলিয়ন
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরোনো বাণিজ্যমেলার মাঠে আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর। এতে থাকবে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন। এ ছাড়া প্রাণিসম্পদ পদক প্রদান, সচেতনতামূলক কার্যক্রম, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ নানা কর্মসূচি রাখা হয়েছে।
অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেন, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের জোগানের পাশাপাশি নারী ও তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরিতেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জরুরি। এ জন্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে প্রাণিজ পণ্যের গুণগত মান বাড়ানো, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্ব দেন তিনি।
রপ্তানি সম্প্রসারণে সম্ভাবনা
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হতে পারবে।
তিনি জানান, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিরও বড় সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের আরও বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কালের আলো/এএইচ/এমএসআইপি







-20261125164906.jpg)








-20261124163219.jpg)



