কুমিল্লার মেঘনা, দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার নদ-নদীতে অবৈধ মাছ ধরার ঘের বা ঝোপের বিস্তার ঘটেছে। স্থানীয়ভাবে ঝোপ বা খেও নামে পরিচিত এসব ঘেরের সংখ্যা শতাধিক। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন এলাকায়। নদীর বিভিন্ন অংশে প্রভাবশালীদের এসব ঘেরের কারণে দেশি মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মাছ ধরার সুযোগ হারিয়ে জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় জেলেরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা নদী এবং এর সঙ্গে সংযুক্ত গোমতী, তিতাস ও কাঁঠালিয়াসহ বিভিন্ন নদীতে গাছের ডালপালা ও বাঁশ পুঁতে এসব ঘের তৈরি করা হয়েছে। ঘেরের চারপাশে জাল দিয়ে ঘিরে ভেতরে মাছের খাবার দেওয়া হয়। খাবারের আকর্ষণে বড় মাছের পাশাপাশি পোনাও সেখানে জমা হয়। পরে জাল টেনে নির্বিচারে মাছ ধরা হয়।
মাছ ধরার সুযোগ হারাচ্ছেন জেলেরা
স্থানীয়দের অভিযোগ, নদীর গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঝোপ বসিয়ে মাছ ধরার নিয়ন্ত্রণ নিয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। সাধারণ জেলেরা এসব এলাকায় মাছ ধরতে গেলে বাধার মুখে পড়েন। ফলে নদীর ওপর নির্ভরশীল অঞ্চলের প্রায় দেড় হাজার জেলে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একের পর এক ঝোপ গড়ে ওঠায় পেশা হারানোর শঙ্কায় রয়েছেন তাঁরা।
মেঘনা উপজেলার গুনবতী এলাকার প্রবীণ জেলে মো. আমির হোসেন বলেন, ‘আগে এই নদীতে চিতল, বোয়াল, পাবদা ধরে বাড়ি ফিরলে বাচ্চারা খুশি হইত। এখন সারাদিন নৌকা বেয়ে মাছ তেমন ওঠে না। মাঝ নদীতে যাই না, সেখানে বড় লোকদের ঝোপ। তারা যা করে, আমরা কিছু বলি না। আমরা নদীতে বড় হয়েছি, নদী যে দিন থাকবে না, আমরাও থাকব না।’
স্থানীয় জেলেদের অভিযোগ, নদীতে মাছ ধরার অধিকার সবার হলেও ঝোপের কারণে তাঁরা স্বাধীনভাবে মাছ ধরতে পারছেন না। এসব ঘেরের মালিকেরা প্রভাবশালী হওয়ায় ঝোপের কাছে গেলে হুমকি-ধমকির মুখে পড়তে হয়। তাঁদের দাবি, অবৈধ ঝোপের মালিকদের চিহ্নিত করে ঘের উচ্ছেদ করতে হবে এবং নদীতে সবার মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে হবে।
হুমকিতে দেশি মাছ ও নৌযান চলাচল
মেঘনা, কাঁঠালিয়া ও তিতাস নদী দেশি মাছের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। কিন্তু অবৈধ ঝোপে মাছ ও পোনা আটকে নির্বিচারে শিকারের কারণে এসব প্রজাতির স্বাভাবিক বংশবিস্তার ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে।
নদীর মাঝখান পর্যন্ত ঝোপ বিস্তৃত থাকায় পণ্যবাহী জাহাজ, ট্রলার ও বালুবাহী ভলগেট চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। কোথাও কোথাও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পলি জমার আশঙ্কা রয়েছে। এতে নৌযান চলাচলে বিঘ্নের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং জাতীয় নদী রক্ষা কমিশন আইনে প্রবহমান নদী বা খালে স্থায়ী কিংবা অস্থায়ী বাঁধ, ঘের বা ঝোপ তৈরি করে পানিপ্রবাহ ও মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করা দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
মৎস্য বিভাগে কর্মকর্তা নেই, অভিযানে সীমাবদ্ধতা
মেঘনা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সাবিনা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘আমার দাউদকান্দিতে দায়িত্ব, মেঘনা উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছি। এ বিষয়ে ইউএনও এবং নৌপুলিশের সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে ব্যবস্থা নেওয়া হবে।’
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ঝোপের মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে এলাকার নেতাকর্মীরা তদবির করেন। তিনি বাঁশ উপড়ে ফেলে মাছ অবমুক্ত করেছেন। এ পর্যন্ত মৎস্য আইনে ২৭টি মামলা করেছেন।
অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘টাকা লেনদেনের বিষয়টি ভিত্তিহীন। আমি কারও কাছ থেকে এক পয়সাও নেই না, টাকা নিলে তো আমি অভিযান করতাম না, ২৭টি মামলাও করতাম না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, উপজেলায় একজন মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি দাউদকান্দি থেকে এসে দায়িত্ব পালন করেন। স্থায়ী মৎস্য কর্মকর্তা ও প্রয়োজনীয় জনবল না থাকায় সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা অনেক সময় সম্ভব হয় না। নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে অবৈধ ঝোপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি


-20261125114039.webp)














-20261124163219.jpg)


