ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিতে যশোরের কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমিতে পাকা ধান তলিয়ে গেছে। কোথাও কেটে রাখা ধানে পচন ধরেছে, কোথাও গজাতে শুরু করেছে অঙ্কুর। ক্ষতিগ্রস্ত ধান ও অন্যান্য ফসল বাঁচাতে এখন রোদ মাথায় নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলার আট উপজেলায় ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদ্য রোপণ করা সরিষার। ধান, সবজি, পেঁয়াজ, মরিচ ও ভুট্টার আবাদও ক্ষতির মুখে পড়েছে।
ভেজা ধান শুকাতে কৃষকের ব্যস্ততা
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমিতে জমে থাকা পানিতে ভাসছে কেটে রাখা পাকা ধান। কোথাও ধানে পচন ধরেছে, আবার কোথাও অঙ্কুর গজিয়েছে। রোদ ওঠার পর ভেজা ধান পানি থেকে তুলে উঁচু জায়গায় শুকানোর চেষ্টা করছেন কৃষকরা। কেউ ধানের আঁটি রাস্তায় তুলছেন, কেউ জমিতে নুয়ে পড়া ধান কাটছেন, আবার কেউ খড় শুকাতে ব্যস্ত।
গত রোববার যশোর সদর উপজেলার মালঞ্চি মাঠে দেখা যায়, মাঠজুড়ে কৃষকদের ফসল রক্ষার চেষ্টা। স্থানীয় কৃষক সদর আলীও ভেজা ধান উদ্ধারে ছুটছিলেন। দেড় বিঘা জমিতে ধারদেনা করে ধান আবাদ করেছিলেন তিনি। গত বুধবার শ্রমিক দিয়ে ধান কাটেন। পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হয় বৃষ্টি। টানা তিন দিনের বৃষ্টিতে জমিতে হাঁটুপানি জমে কেটে রাখা ধান তলিয়ে যায়।
সদর আলী বলেন, ‘চাষাবাদে সব মিলিয়ে খরচ হয়েছে ২২ হাজার টাকা। সার-সেচের টাকাও এখনও বাকি। পানিতে ধান পচতে শুরু করেছে, অনেক আঁটিতে অঙ্কুর গজাচ্ছে। এই ধান নষ্ট হলে নিজেরা খাব কী, আর দেনা শোধ করব কীভাবে!’
সরিষা ও সবজির আবাদেও ক্ষতি
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যশোরে ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কেটে রাখা ধানের পাশাপাশি জমিতে দাঁড়িয়ে থাকা ধানও নুয়ে পড়ে। এতে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৯০ হেক্টর জমির সরিষা নষ্ট হয়েছে বা চারা পচে গেছে। ১ লাখ ৩৩ হাজার ১৫০ হেক্টর জমির রোপা আমনের মধ্যে ক্ষতি হয়েছে ১ হাজার ১৬৬ হেক্টরের। এ ছাড়া ৬৯০ হেক্টর সবজি, ২৫ হেক্টর পেঁয়াজ, ২৮ হেক্টর মরিচ ও ৪৫ হেক্টর ভুট্টার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
যশোর সদর উপজেলার তফসিডাঙ্গার মাঠেও দেখা গেছে একই চিত্র। সেখানে কেটে রাখা ধান উল্টে শুকানোর চেষ্টা করছিলেন কয়েকজন কৃষক। ছবি তুলতে গেলে কৃষক আব্দুর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছবি তুলে কী আর হবে আমাদের! যা ক্ষতি হওয়ার, তা তো হয়েই গেছে। ভাগে জমি নিয়ে ধান করেছিলাম, ফলনও ভালো হয়েছিল। শেষ সময়ে সব শেষ করে দিল বৃষ্টি। এখন ধান আর খড় বাঁচানোই দায়।’
রশিদ বলেন, দেড় বিঘা জমির ধান ভিজেছে। এতে ধানের রং নষ্ট হবে, দামও কম পাওয়া যাবে। পাঁচ হাজার টাকা খরচ করে ১০ কাঠা জমিতে সরিষা আবাদ করেছিলেন, সেই ক্ষেতও নষ্ট হয়েছে।
সবজি ক্ষেতেও পানি জমে পচন
অকালের বৃষ্টিতে যশোরের সবজি উৎপাদনেও ধাক্কা লেগেছে। সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর, বারিনগর ও কাশিমপুর ইউনিয়ন এবং চৌগাছা উপজেলা সবজি উৎপাদনের জন্য পরিচিত। এসব এলাকার সবজি ক্ষেতেও বৃষ্টির পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। পুঁইশাক, বরবটি, পটোল, করলা, বেগুন, মুখিকচু ও পাতাকপির জমিতে পানি জমে পচন ধরতে শুরু করেছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত হয়নি; এটি করতে সময় লাগবে। গত রোববার থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দেন তিনি।
কালের আলো/এএইচ/এমএসআইপি

















-20261124163219.jpg)


