চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলি। বুধবার (২৫ নভেম্বর) তিন নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মহাকাশ স্টেশনে যুক্ত হয়। এর মধ্য দিয়ে পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে পৌঁছানো প্রথম বিদেশি নভোচারী হলেন জিশান।
তিন নভোচারী নিয়ে মহাকাশযাত্রা
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।
জিশান আলির সঙ্গে মহাকাশযানটিতে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তাং হংবো। উ ই দায়িত্ব পালন করছেন উড্ডয়ন প্রকৌশলী হিসেবে। চীনের মানববাহী মহাকাশ সংস্থা জানিয়েছে, অভিযানটি পুরোপুরি সফল হয়েছে এবং নভোচারীদের শারীরিক অবস্থাও ভালো রয়েছে।
এক সপ্তাহ চলবে বৈজ্ঞানিক গবেষণা
তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন জিশান। এ সময় পাকিস্তান-চীন যৌথ মহাকাশ গবেষণা কর্মসূচির আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন তিনি। তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে গবেষণার নমুনা ও সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত পরীক্ষাগুলো সম্পন্ন করা।
এ অভিযানে খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট চারটি জীবপ্রযুক্তি গবেষণা অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া ৩০০টির বেশি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে চীনা প্রতিষ্ঠানগুলো এসব গবেষণা নির্বাচন করেছে।
চীনে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত হন জিশান
২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনে অভিযানের জন্য পাকিস্তানি নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ দিতে দুই দেশের মধ্যে চুক্তি হয়। এরপর তিন দফা যাচাই-বাছাইয়ের মাধ্যমে জিশান আলি ও খুররম দাউদকে নভোচারী হিসেবে নির্বাচন করা হয়। চীনে প্রশিক্ষণ শেষে মূল অভিযানের জন্য চূড়ান্ত হন জিশান। তাঁর বিকল্প নভোচারী হিসেবে রাখা হয়েছে খুররম দাউদকে।
ঐতিহাসিক অর্জনে অভিনন্দন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ অভিযানে দেশের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি এ সাফল্যে জাতিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ঘটনাটিকে পুরো জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। পাকিস্তানের মহাকাশ গবেষণার অগ্রযাত্রায় জিশানের এই অভিযানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
কালের আলো/এসএ/জেএন

















-20261124163219.jpg)


