পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্যে নতুন বছরের শুরুতেই একাধিক প্রদেশ ও নতুন প্রশাসনিক ব্যবস্থা চালুর সম্ভাবনা সামনে এসেছে। তবে এ বিষয়ে এখনো সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সংবিধান সংশোধনের কোনো খসড়া প্রকাশ করা হয়নি।
প্রায় ২৫ কোটি মানুষের দেশ পাকিস্তানে বর্তমানে চারটি প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান। প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার যুক্তিতে এসব প্রদেশকে ভেঙে ছোট প্রশাসনিক একক গঠনের প্রস্তাব উঠেছে। তবে বিষয়টি কেবল প্রশাসনিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ক্ষমতা, রাজস্ব বণ্টন, পানির হিস্যা এবং কেন্দ্র ও প্রদেশের সম্পর্ক।
কেন নতুন প্রদেশ গঠনের আলোচনা
গত ৩০ জুলাই ইসলামাবাদে এক অর্থনৈতিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নতুন প্রশাসনিক একক গঠনের প্রস্তাব দেন। তাঁর যুক্তি, বর্তমান প্রদেশগুলো আয়তন ও জনসংখ্যার দিক থেকে অনেক বড়। ফলে প্রশাসন পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও ঐকমত্যের ভিত্তিতে ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের কথা বলেছেন। তাঁর মতে, ছোট প্রশাসনিক কাঠামো ও নতুন নেতৃত্ব তৈরি হলে স্থানীয় পর্যায়ে জবাবদিহি বাড়তে পারে।
২০১০ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রদেশ ও স্থানীয় পর্যায়ে ক্ষমতা ও সম্পদ বণ্টনের উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামালের দাবি, জনগণের নামে ক্ষমতা ও সম্পদ প্রদেশের হাতে দেওয়া হলেও তা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্রীভূত হয়েছে।
তবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন প্রদেশ গঠনের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রস্তাবটি নিয়ে আলোচনা সামনে এসেছে এমন এক সময়ে, যখন আগামী বছরের শুরুতে সিনেট নির্বাচন এবং জুনে কেন্দ্রীয় বাজেট হওয়ার কথা।
সংবিধান সংশোধনই বড় বাধা
পাকিস্তানের সংবিধানে নতুন প্রদেশ গঠনের জন্য আলাদা কোনো প্রক্রিয়া নেই। এ ক্ষেত্রে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুসরণ করতে হবে। সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টের দুই কক্ষেই মোট সদস্যের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। ৩৩৬ সদস্যের জাতীয় পরিষদে অন্তত ২২৪টি এবং ৯৬ সদস্যের সিনেটে ৬৪টি ভোট লাগবে।
কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদেরও দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে হবে। পাঞ্জাবকে ভাগ করতে হলে ৩৭১ সদস্যের প্রাদেশিক পরিষদে অন্তত ২৪৮ জনের সমর্থন প্রয়োজন। আর সিন্ধু ভাগের ক্ষেত্রে ১৬৮ সদস্যের পরিষদে লাগবে ১১২টি ভোট।
সংবিধান বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত এই প্রক্রিয়া এড়িয়ে নতুন প্রদেশ গঠনের সুযোগ নেই। এর আগে ২০১২ সালে পাঞ্জাব প্রাদেশিক পরিষদ দক্ষিণ পাঞ্জাব নামে নতুন প্রদেশ গঠন এবং বাহাওয়ালপুর প্রদেশ পুনর্বহালের পক্ষে প্রস্তাব পাস করেছিল। পরের বছর সিনেটেও এ বিষয়ে একটি সংশোধনী বিল পাস হয়। কিন্তু জাতীয় পরিষদে উত্থাপন না হওয়ায় বিলটি শেষ পর্যন্ত কার্যকর হয়নি।
গণভোটে কি মিলবে সমাধান
নতুন প্রদেশ গঠনের বিষয়ে জনগণের মতামত নেওয়ার প্রস্তাবও আলোচনায় এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, জনগণ না চাইলে নতুন প্রদেশ গঠন করা উচিত হবে না। আর জনগণ চাইলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে।
পাকিস্তানের সংবিধানের ৪৮(৬) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রস্তাব দিতে পারেন। অনুমোদন পেলে বিষয়টি গণভোটে পাঠানো সম্ভব। তবে আইন বিশেষজ্ঞদের মতে, গণভোটের ফল সরকারের জন্য বাধ্যতামূলক নয়। একই সঙ্গে এটি সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়ার বিকল্পও হতে পারে না।
পাকিস্তানে এর আগে ১৯৬০, ১৯৮৪ ও ২০০২ সালে তিনবার গণভোট হয়েছে। প্রতিবারই সামরিক শাসকেরা নিজেদের ক্ষমতা বৈধতা দিতে গণভোট আয়োজন করেছিলেন। ফলে নতুন প্রদেশ গঠনের প্রস্তাবে গণভোটের বিষয়টি সামনে আসায় দেশটির অতীত অভিজ্ঞতাও আলোচনায় উঠে এসেছে।
রাজস্ব ও পানি বণ্টনে জটিলতা
নতুন প্রদেশ গঠনের অন্যতম বড় প্রশ্ন অর্থের জোগান। বর্তমানে পাকিস্তানের কেন্দ্রীয় কর রাজস্বের ৫৭ দশমিক ৫ শতাংশ প্রদেশগুলোর মধ্যে বণ্টন করা হয়। চলতি অর্থবছরে এর পরিমাণ ৮ লাখ ৬৪ হাজার কোটি রুপি, যা প্রায় ৩ হাজার ১২০ কোটি ডলার।
প্রাদেশিক অংশের মধ্যে পাঞ্জাব পায় ৫১ দশমিক ৭৪ শতাংশ, সিন্ধু ২৪ দশমিক ৫৫ শতাংশ, খাইবার পাখতুনখাওয়া ১৪ দশমিক ৬২ শতাংশ এবং বেলুচিস্তান ৯ দশমিক ০৯ শতাংশ। জনসংখ্যার ভিত্তিতে এই বণ্টন করা হয়। কিন্তু কোনো প্রদেশ ভাগ হলে আগের বরাদ্দ কীভাবে নতুন প্রদেশগুলোর মধ্যে ভাগ হবে, সে বিষয়ে সংবিধানে স্পষ্ট নির্দেশনা নেই।
একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে, পাঞ্জাবকে তিনটি প্রদেশে ভাগ করলে বছরে অতিরিক্ত ৪ হাজার ৬৯০ কোটি থেকে ৫ হাজার ৬২০ কোটি রুপি ব্যয় হতে পারে। আর পাকিস্তানের ৩০টি প্রশাসনিক বিভাগকে প্রদেশে রূপান্তর করা হলে অতিরিক্ত বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে ৬০ হাজার ৯২০ কোটি থেকে ৭৩ হাজার ৩০০ কোটি রুপি।
এর বাইরে নতুন প্রশাসনিক ভবন, পুলিশ বাহিনী, সচিবালয়, প্রাদেশিক পরিষদ এবং অন্যান্য অবকাঠামো তৈরির ব্যয়ও রয়েছে। নতুন প্রদেশ গঠিত হলে সিনেটে সমান প্রতিনিধিত্বের বিষয়টিও সামনে আসবে। শুধু পাঞ্জাব ভাগ করা হলেও সিনেটের সদস্যসংখ্যা ৯৬ থেকে বেড়ে ১৪২ হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
পানি বণ্টন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ১৯৯১ সালের চুক্তিতে সিন্ধু নদব্যবস্থার পানি চার প্রদেশের মধ্যে ভাগ করা হয়েছিল। কিন্তু নতুন প্রদেশ গঠিত হলে পানির হিস্যা কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে এখনো কোনো প্রস্তাব প্রকাশ করা হয়নি।
রাজনৈতিক দলগুলোর অবস্থান এক নয়
নতুন প্রদেশ গঠনের প্রশ্নে ক্ষমতাসীন জোটের প্রধান দুই শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অবস্থানে পার্থক্য রয়েছে। সিন্ধুতে ক্ষমতাসীন পিপিপি প্রদেশটির বিভক্তির বিরোধিতা করছে। গত সেপ্টেম্বরে সিন্ধু প্রাদেশিক পরিষদও প্রদেশ ভাগের বিপক্ষে প্রস্তাব পাস করেছে।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সিন্ধু ভাগের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে জানা গেছে। তবে সিন্ধুর মন্ত্রী নাসির হুসেইন শাহ বলেছেন, অন্য প্রদেশগুলো চাইলে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। পাঞ্জাব বা খাইবার পাখতুনখাওয়ার পরিষদ নতুন প্রদেশ গঠনের পক্ষে প্রস্তাব পাস করলে সেখানে তা করা যেতে পারে। কিন্তু সিন্ধুতে এমন উদ্যোগের প্রয়োজন নেই।
অন্যদিকে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতা মুস্তফা কামাল করাচিকে আলাদা প্রশাসনিক একক, এমনকি প্রাদেশিক সরকারের অধীনে পরিচালনার দাবি জানিয়েছেন। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি দলটির প্রধান রাজনৈতিক ঘাঁটি হওয়ায় এ দাবি সিন্ধুর অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্ক তৈরি করেছে।
পিএমএল-এন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। দলের নেতা ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক আহমদ খান বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী নাকভিও জানিয়েছেন, জোটের শরিকদের সম্মতি ছাড়া কোনো পরিবর্তন করা হবে না।সব মিলিয়ে পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের আলোচনা সামনে এলেও বাস্তবায়নের পথে রয়েছে বড় ধরনের সাংবিধানিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাধা। পার্লামেন্ট ও সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদগুলোর দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব ও পানির হিস্যা নির্ধারণ এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন হবে। ফলে এটি শুধু প্রশাসনিক সীমানা পরিবর্তনের বিষয় নয়; বরং পাকিস্তানের বিদ্যমান ক্ষমতা ও সম্পদ বণ্টনের কাঠামোতেও বড় পরিবর্তনের প্রশ্ন। সূত্রঃ আল জাজিরা
কালের আলো/এসএ/জেএন

















-20261124163219.jpg)


