বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি এমন মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’
হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধের হুঁশিয়ারি
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিজেপির এই নেতা বলেন, হিন্দুদের হত্যার ঘটনা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তাঁর এমন বক্তব্যকে বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম দেশকে দখলে নেওয়ার হুমকি দেওয়ায় মন্তব্যটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে অর্জুন সিং
অর্জুন সিং একসময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের শ্রম ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য বিজেপির সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সময়েই মন্তব্য
অর্জুন সিংয়ের এই বক্তব্য এমন সময়ে এল, যখন বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে ঘোষণা দিয়ে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার এভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে ফেরত আনার বিষয়টি বিবেচনা করতে হবে।
ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনার আশঙ্কা
২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন চলছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এ সময় ভারতের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব অভিযোগের অনেকগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল। সরকারের বক্তব্য ছিল, বাংলাদেশকে ঘিরে ভারতের কিছু সংবাদমাধ্যমে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে।
এমন প্রেক্ষাপটে অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি দুই দেশের সম্পর্কের বিদ্যমান সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এসএ/ডিএইচ

















-20261124163219.jpg)


