মৌসুমের শুরুতেই পরপর দুই ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লি। উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে, বৃষ্টির কারণে চাতালে শুকাতে না পেরে পচে নষ্ট হচ্ছে আহরণ করা মাছ। এতে শুঁটকি উৎপাদন ও ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে অন্তত পাঁচ কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
এ অবস্থায় মহাজনের দাদন ও ধারদেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চরের প্রায় ১০ হাজার জেলে। কাজ বন্ধ থাকলেও ট্রলার, শ্রমিক ও লোকজনের দৈনন্দিন খরচ বহন করতে হচ্ছে তাঁদের।
পরপর দুই ঘূর্ণিঝড়ে থমকে গেছে শুঁটকি উৎপাদন
বন বিভাগ ও জেলে সূত্রে জানা গেছে, সাধারণত অক্টোবরের শেষ দিক থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির মৌসুম চলে। গত ৩০ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানে সেখানে। প্রথম দুর্যোগের ধাক্কা সামলে জেলেরা কাজে ফিরতে শুরু করলেও ১৫ দিন না যেতেই ফের বৈরী আবহাওয়ার কবলে পড়ে উপকূলীয় এলাকা।
ঘূর্ণিঝড় ‘আকাভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুবলার চরসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। পাশাপাশি উত্তাল সাগরের কারণে জেলেরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে পারছেন না। নিরাপত্তার জন্য ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন খালে নোঙর করে রাখা হয়েছে।
মোংলার কুমারখালী এলাকার মৎস্যজীবী আবুল বাশার ব্যাপারী বলেন, ‘মরা গোনের কারণে সাগরে এমনিতেই কম মাছ ধরা পড়ছে। তার ওপর দুই দিন ধরে আকাশ মেঘলা, রোদের দেখা নেই। সামান্য যেটুকু মাছ আহরণ করা হয়েছিল, সেগুলোও রোদে শুকাতে না পেরে পচে যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।’
দাকোপের মৎস্যজীবী গৌরাঙ্গ রায় বলেন, ‘একটানা মেঘলা আবহাওয়ার কারণে চাতালে কাজ বন্ধ রয়েছে। প্রত্যাশিত লাভ দূরের কথা, উল্টো লোকসান গুনতে হচ্ছে।’
রামপালের জেলে মোস্তাসিম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলারগুলো বনের খালে এনে রাখা হয়েছে। ফলে জেলেরা অলস সময় পার করছেন।
দাদন ও ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা
মৌসুমের শুরুতেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ধারদেনা ও মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সাগরে আসা জেলেরা। ট্রলার, জাল, রসদ ও শ্রমিকের খরচের জন্য নেওয়া ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। কাজ বন্ধ থাকলেও ট্রলার ও লোকজনের দৈনন্দিন খোরাকি খরচ বহন করতে হচ্ছে।
মোংলার জয়মনি এলাকার জেলে আবুল হোসেন বলেন, ‘মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সাগরে এসেছি। শুরুতেই এমন বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। সামনে আবারও এমন দুর্যোগ এলে না খেয়ে মরতে হবে।’
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেলেরা ট্রলার খালে রেখে পল্লিতে অলস সময় কাটাচ্ছেন। মৌসুমের শুরু থেকে পূর্ণিমার গোনের শুরুতেও দুর্যোগ অব্যাহত থাকায় বন বিভাগের রাজস্বের পাশাপাশি দুবলার জেলেদের কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
রাজস্ব আয়ে ঘাটতির আশঙ্কা
শুঁটকি উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়ছে সুন্দরবন বিভাগের রাজস্ব আয়েও। বন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দুবলার চরে ৯০০টি অনুমতিপত্র (পাস-পারমিট) দেওয়া হয়েছে। এ খাত থেকে প্রায় আট কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সুন্দরবন বিভাগের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার খলিলুর রহমান বলেন, মৌসুমের শুরুতেই জেলেরা দুর্যোগের কবলে পড়ায় এবার রাজস্ব আয়ে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। মাছ কম আহরিত হওয়ায় মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত গতবারের তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

















-20261119145050.jpg)


