নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৯ গ্রামের ২০ হাজার মানুষ। ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। এর মধ্যে হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি মাত্র এক কিলোমিটার অংশেই তৈরি হয়েছে প্রায় ৩২০টি ছোট-বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় এক দশক ধরে সড়কটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রতিবছরই সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য মালপত্র পরিবহনেও বাড়ছে ভোগান্তি।
এক কিলোমিটারেই ৩২০ গর্ত
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে পতিসর থেকে হিঙ্গলকান্দি-বড়সাওতা হয়ে সমসপাড়া হাট ও আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত সড়কটি পাকা করা হয়। কার্পেটিং উঠে যাওয়ার পর ২০১৬-১৭ অর্থবছরে একবার সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর সংস্কার করা হয়নি।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি প্রায় এক কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ভাঙা অংশ পার হতে অটোরিকশার চালকরা অনেক সময় যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। একটু বৃষ্টি হলেই পরিস্থিতি আরও খারাপ হয়।
যাত্রী ও যানবাহনের ভোগান্তি
সড়কটির বেহাল অবস্থার কারণে অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ব্যক্তি ও বয়স্কদের যাতায়াতে বেশি কষ্ট হচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্যসহ প্রয়োজনীয় মালপত্র পরিবহন ব্যাহত হচ্ছে। ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
ভ্যানচালক আরিফুল ইসলাম বলেন, সড়কে অসংখ্য গর্ত থাকায় অল্প মালপত্র নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশও নষ্ট হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
পতিসর রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম মতিউর রহমান মামুন বলেন, এ সড়ক দিয়ে বিভিন্ন এলাকার মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারিবাড়ি দেখতে পতিসরে আসেন। এ ছাড়া এলাকার বড় হাট সমসপাড়া, নাটোরের সিংড়া ও আত্রাই উপজেলা সদরে যাতায়াতের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু অসংখ্য খানাখন্দের কারণে এলাকাবাসী ও দর্শনার্থীদের দুর্ভোগ বাড়ছে।
বড়সাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউন্নবী জানান, সড়কের এমন অবস্থায় একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচল কমে যায়। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়।
সংস্কারের আশ্বাস এলজিইডির
বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা। সংস্কারের জন্য সংশ্লিষ্টদের মৌখিকভাবে জানানোর পাশাপাশি উপজেলা এলজিইডি কার্যালয়ে লিখিত আবেদনও করেছেন। তবে এখনো সমস্যার সমাধান হয়নি।
আত্রাই উপজেলা এলজিইডির প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি


-20261121075828.jpg)














-20261119145050.jpg)


