অধস্তন আদালতের বিচারকদের রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর নির্ভর না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানে এআই ব্যবহার করা গেলেও রায়ের অপারেটিভ অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে।
একই সঙ্গে এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি। চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের ১১টি জেলার জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা অংশ নেন।
রায় লেখায় বিচারকের নিজস্ব বিচারিক বিবেচনা জরুরি
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারকরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন। তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না। রায়ের অপারেটিভ অংশ অবশ্যই সংশ্লিষ্ট বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে।
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে বলে উল্লেখ করেন তিনি।
এজলাসে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধ
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তাঁর আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেন তিনি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল ফোন বহন থেকে বিরত থাকতে বলেন।
মামলা দ্রুত নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থাপনার তাগিদ
মামলা ও আদালত ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারকদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কার্যতালিকা প্রণয়ন, শুনানি শেষে উন্মুক্ত আদালতে পরবর্তী তারিখ ঘোষণা, মামলার নথির নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ করতে হবে।
বিচারিক কার্যক্রমকে আরও বিশেষায়িত ও কার্যকর করতে বিশেষায়িত বিচারিক পদ সৃষ্টির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আদালতে বিচারক পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
এ ছাড়া বিচারকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ প্রশিক্ষক এনে বাংলাদেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানান প্রধান বিচারপতি।
মাদক ও অস্ত্র মামলায় জিরো টলারেন্স
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তবে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
বিচারপ্রার্থীদের জন্য আদালতে পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক জেলা আদালতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
আইনজীবীদের অযথা দীর্ঘ শুনানি পরিহারের আহ্বান
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অনেক ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।
তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের অধস্তন আদালতের দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দস জামান, বিচারপতি আহমেদ সোহেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন।
এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা প্রদান, মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক দক্ষতা বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার বিষয়ে তাঁরা মতামত দেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি









-20261121124413.jpg)
-20261121124015.jpg)





-20261119145050.jpg)



