যশোরের শার্শা উপজেলার কালীয়ানি গ্রামের ৬০ বছর বয়সী তহুরা খাতুন। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু থামেনি জীবনের লড়াই। সংসারের খরচ জোগাতে প্রতিদিন সকালে স্বামীর সঙ্গে কাদা-পানিতে নেমে শামুক সংগ্রহ করেন তিনি। কখনো বিলে, কখনো খালে, আবার কখনো পুকুরে শামুক খুঁজে বেড়ান এই দম্পতি। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শামুক কুড়িয়ে যে সামান্য টাকা আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে তাঁদের সংসার।
তহুরা খাতুন ও তাঁর স্বামী রাশেদ হোসেন যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালীয়ানি গ্রামের বাসিন্দা। রাশেদ পেশায় ভ্যানচালক। ভ্যান চালিয়ে যে আয় হয়, তা দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন। তাই বাড়তি আয়ের আশায় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিদিন শামুক সংগ্রহ করতে বের হন তিনি।
শামুক বিক্রি করে আয় ১২০ থেকে ২০০ টাকা
তহুরা ও রাশেদ জানান, প্রতিদিন সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা দুজন মিলে প্রায় ৮ থেকে ১০ কেজি শামুক সংগ্রহ করেন। পরে এসব শামুক প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করেন। এতে প্রতিদিন তাঁদের আয় হয় ১২০ থেকে ২০০ টাকা। এই সামান্য অর্থ দিয়েই সংসারের বাড়তি খরচ মেটানোর চেষ্টা করেন তাঁরা।
শামুক সংগ্রহ শেষে বাড়ি ফিরে রান্নাবান্নাসহ সংসারের অন্যান্য কাজও সামলাতে হয় তহুরাকে। বয়স ৬০ পেরোলেও জীবিকার তাগিদে প্রতিদিন তাঁকে এভাবে পরিশ্রম করতে হচ্ছে।
তহুরা খাতুন বলেন, ‘প্রতিদিন আমরা দুজন মিলে ৮ থেকে ১০ কেজি শামুক কুড়াই। প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করি। এই সামান্য টাকায় সংসার চালানো খুব কঠিন। ৬০ বছর বয়সেও পেটের দায়ে পানিতে নেমে কাজ করতে হচ্ছে। এভাবে আর পারছি না। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করত, তাহলে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারতাম।’
সহযোগিতার আহ্বান স্থানীয়দের
স্থানীয় বাসিন্দা কালাম হোসেন বলেন, তহুরা ও তাঁর স্বামী খুবই অসহায়। বয়সের এই পর্যায়েও জীবিকার জন্য তাঁদের কষ্ট করে শামুক সংগ্রহ করতে হয়। তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সরকারিভাবে সহযোগিতা পেলে তাঁরা বাকি জীবন কিছুটা ভালোভাবে কাটাতে পারবেন।
তাঁর মতে, তহুরা দম্পতির চাওয়া খুব বেশি নয়। শেষ বয়সে একটু আর্থিক নিরাপত্তা, দুবেলা খাবারের নিশ্চয়তা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ পেলেই তাঁদের কষ্ট কিছুটা লাঘব হবে।
সহায়তার আশ্বাস সমাজসেবা কর্মকর্তার
তহুরা খাতুনের অসহায়ত্বের বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘তহুরা খাতুন আবেদন করলে সরকারের নিয়ম অনুযায়ী তাঁদের জন্য যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তা বিবেচনা করা হবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গোগা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সরোয়ার হোসেন বলেন, তহুরা ও তাঁর পরিবার অনেক দরিদ্র। তাঁরা সব সময় পরিবারটির পাশে থাকার চেষ্টা করেন। বিএনপির পক্ষ থেকেও তাঁদের সাহায্য-সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
বয়সের ভারে নুয়ে পড়া তহুরা খাতুনের প্রতিদিনের এই সংগ্রাম যেন জীবিকার কঠিন বাস্তবতারই প্রতিচ্ছবি। সামান্য আয়ের জন্য কাদা-পানিতে নেমে শামুক সংগ্রহ করতে হয় তাঁকে। এখন তাঁর প্রত্যাশা, জীবনের শেষ সময়ে একটু আর্থিক সহায়তা ও স্বস্তি নিয়ে বেঁচে থাকার সুযোগ।
কালের আলো/এএএন/এমএসআইপি
















-20261119145050.jpg)



