Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৩৬ এএম

কৃষকের জন্য খুলছে ঋণের নতুন দুয়ার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৩৬ এএম

কৃষকের জন্য খুলছে ঋণের নতুন দুয়ার

কৃষি খাতে ঋণ বিতরণের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদন নয়, কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের কাজেও পাওয়া যাবে কৃষিঋণ। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র কেনা, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালার মাধ্যমে কৃষির উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থাকে ঋণ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষক, কৃষি উদ্যোক্তা, পাইকারি ও খুচরা বিক্রেতাদের জন্য নতুন অর্থায়নের সুযোগ তৈরি হবে।

কৃষিঋণের ৫৫ শতাংশ যাবে শস্য ও ফসল খাতে
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে চারটি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো শস্য ও ফসল, সেচ ও কৃষিযন্ত্র, মৎস্য এবং প্রাণিসম্পদ। ব্যাংকগুলোর মোট কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।

অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সেবা খাতে ব্যয় করা যাবে। এর ফলে কৃষির প্রচলিত উৎপাদন খাতের পাশাপাশি কৃষিসংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও ঋণের প্রবাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে যেসব উদ্যোক্তা কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত, তাঁরা নতুন নীতিমালার আওতায় ঋণ সুবিধা পাবেন।

কৃষিপণ্য বাজারজাতকরণেও মিলবে ঋণ
এতদিন কৃষিঋণের বড় অংশ মূলত ফসল উৎপাদন ও কৃষিকাজের বিভিন্ন উপকরণ কেনার মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন নীতিমালায় সেই পরিধি বাড়ানো হয়েছে। এখন থেকে কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদেরও ঋণ দেওয়া যাবে।

এমনকি কৃষিপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ সুবিধার আওতায় আসবেন। ফলে কৃষক মাঠে ফসল উৎপাদন করার পর তা সংগ্রহ, গুদামজাত, প্রক্রিয়াজাত ও বাজারে সরবরাহের প্রতিটি পর্যায়ে অর্থায়নের সুযোগ তৈরি হবে।

বিশেষজ্ঞদের মতে, কৃষিপণ্য উৎপাদনের পর যথাযথ সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে অনেক সময় কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। নতুন ঋণনীতির মাধ্যমে সংরক্ষণ ও সরবরাহব্যবস্থায় বিনিয়োগ বাড়লে কৃষিপণ্যের অপচয় কমানো এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণে গুরুত্ব
নতুন নির্দেশনায় প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ পদ্ধতিতে একক কিংবা দলগতভাবে কৃষিঋণ দেওয়ার কথা বলা হয়েছে। তবে ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ দেওয়ার নির্দেশনাও রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষিদের মধ্যে ঋণ বিতরণ করতে হবে।

প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের কর্মকর্তারা ক্যাম্প আয়োজন করে কৃষিঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন। এ কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায় বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের কথাও বলা হয়েছে।

কৃষিযন্ত্র কিনতে মিলবে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ
আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়াতে নতুন ঋণনীতিতে বিশেষ সুবিধা যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কম্বাইন হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, সিডার, বেড প্ল্যান্টার, ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার জন্য কৃষিঋণ পাওয়া যাবে।

কৃষিযন্ত্রের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব বিনিয়োগ হিসেবে দিতে হবে।

নীতিমালার সংযুক্তিতে বিভিন্ন কৃষিযন্ত্রের আনুমানিক মূল্যও উল্লেখ করা হয়েছে। একটি কম্বাইন হারভেস্টারের দাম ধরা হয়েছে ২০ থেকে ২৫ লাখ টাকা। ট্রাক্টরের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং রাইস ট্রান্সপ্লান্টারের মূল্য ৭ থেকে ২০ লাখ টাকা। এ ছাড়া রিপার ও রিপার বাইন্ডারের দাম ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং পাওয়ার টিলারের দাম ২ থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঋণ দেওয়ার সময় যন্ত্রের প্রকৃত মূল্য যাচাই করতে হবে।

ছোট কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে কেনা যন্ত্রটিকেই প্রাথমিক জামানত হিসেবে বিবেচনা করতে পারবে ব্যাংক। বড় যন্ত্রের ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি অথবা জমি ও স্থাবর সম্পত্তি জামানত হিসেবে নেওয়া যাবে।

ঋণ পরিশোধে পাওয়া যাবে ১২ মাসের ছাড়
কৃষিযন্ত্র কেনার ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণে যন্ত্রের কার্যকাল, স্থায়িত্ব এবং তা থেকে আয় করার সময় বিবেচনা করতে হবে। সাধারণত একটি কৃষিযন্ত্রের আয়ুষ্কাল তিন থেকে পাঁচ বছর।

কৃষিযন্ত্র থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণ করবে। প্রয়োজনে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড় দেওয়া যাবে।

এতে কৃষককে যন্ত্র কেনার পরপরই কিস্তি পরিশোধের চাপ নিতে হবে না। কৃষিকাজের মৌসুম ও আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোননির্ভর কৃষিতেও অর্থায়ন
নতুন নীতিমালায় প্রিসিশন ফার্মিং বা নির্ভুল কৃষিপদ্ধতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির নির্দিষ্ট অংশের প্রয়োজন অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগ করা হয়।

এ কাজে স্যাটেলাইট, ড্রোন, সেন্সর, জিআইএস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিগ ডেটা বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। এর উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানো এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

প্রযুক্তিনির্ভর কৃষির প্রসারে এসব কার্যক্রমে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করেছে নতুন নীতিমালা। ফলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী কৃষক ও উদ্যোক্তারা ব্যাংক অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।

জলবায়ুসহিষ্ণু কৃষি ও সৌরবিদ্যুতে ঋণ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিকে আরও সহনশীল করে তুলতেও নতুন নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে। বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত, পানিসাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনায় ঋণ দেওয়া হবে।

এ ছাড়া সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনেও অর্থায়নের সুযোগ থাকবে। কৃষি খাতে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বায়োগ্যাস উৎপাদন ও সৌর প্যানেল স্থাপনের জন্য দেওয়া ঋণও কৃষিঋণ হিসেবে বিবেচিত হবে। বিদ্যুৎ-সংযোগবিহীন এলাকায় সৌর প্যানেলের মাধ্যমে সোলার হোম সিস্টেম স্থাপনের ঋণও এ সুবিধার আওতায় আনা হয়েছে।

জৈব সার উৎপাদনেও ঋণ সুবিধা
পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ বিভিন্ন ধরনের জৈব সার উৎপাদনে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ধরনের উদ্যোগের ক্ষেত্রে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যাবে।

এর মাধ্যমে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগকে উৎসাহিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

ঋণের তথ্য পাঠাতে হবে মাসিক ভিত্তিতে
নতুন নীতিমালায় কৃষি ও পল্লিঋণ বিতরণ এবং আদায়ের তথ্য ব্যবস্থাপনায়ও নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে মাসিক ভিত্তিতে নির্ভুল তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। পাশাপাশি এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

সব মিলিয়ে নতুন কৃষি ও পল্লিঋণ নীতিমালার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্যের মূল্য সংযোজন, সংরক্ষণ এবং বাজারজাতকরণে অর্থায়ন সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষির পুরো সরবরাহব্যবস্থায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি প্রান্তিক কৃষক ও কৃষি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের পরিধিও বাড়বে।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!