শীতের শুরুতেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিলজুড়ে ফুটেছে লাল শাপলা। বিশাল জলরাশির ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা অসংখ্য লাল ফুলে বিলটি যেন পরিণত হয়েছে শাপলার রাজ্যে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। ভোরের আলো ফোটার আগেই বিলের চারপাশে শুরু হচ্ছে দর্শনার্থীদের আনাগোনা।
হাইল হাওরের ১৩১টি বিলের অন্যতম বৃহৎ সানন্দা বিল। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বিলটি গত বছর থেকে ‘শাপলা বিল’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। দূর থেকে তাকালে বিস্তীর্ণ জলরাশিতে ফুটে থাকা লাল শাপলাকে মনে হয় লাল গালিচায় মোড়ানো এক অপরূপ রাজ্য। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এই বিল এখন পর্যটন নগরীর নতুন আকর্ষণ।
ভোরের আলোয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য
রোববার (২২ নভেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, সূর্য ওঠার আগেই বিলের আশপাশে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। কেউ নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ আবার মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। শাপলার সৌন্দর্য উপভোগ করতে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের নিয়ে আসছেন অনেকে।
হবিগঞ্জের মাধবপুর থেকে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে আসা কলেজশিক্ষার্থী ফয়েজুল ইসলাম চৌধুরী জানান, গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে শাপলা বিলের কথা জেনেছিলেন। তবে তখন আসা হয়নি। এবার এসে বিলের বিশালতা ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। তাঁর মতে, পাশের চুনারুঘাটের দেউন্দি চা বাগানের শাপলা লেকের তুলনায় শ্রীমঙ্গলের এই বিল অনেক বড় ও সৌন্দর্যময়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মী ও লেখক মো. এহসানুল হক এবং সহকারী প্রধান শিক্ষক মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ মৌলভীবাজার জেলায় পাহাড়, নদী, হাওর, খাল-বিলসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এসব আকর্ষণের সঙ্গে নতুন সংযোজন হাইল হাওরের সানন্দা বিলের শাপলার রাজ্য। এখানে এলে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান দর্শনার্থীরা।
পর্যটন ঘিরে বাড়ছে স্থানীয় মানুষের আয়
সানন্দা বিলের শাপলা দেখতে পর্যটকদের আগমন বাড়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। নৌকার মাঝি, অটোরিকশাচালক থেকে শুরু করে বাজারের হোটেল-রেস্তোরাঁ ও মুদি দোকানের ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।
মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, সানন্দা বিলের লাল শাপলার কারণে তাঁদের এলাকায় এখন বেশ কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো মানুষ আসছেন। এতে স্থানীয় নৌকা ও অটোরিকশাচালকদের পাশাপাশি বাজারের বিভিন্ন ব্যবসায়ীও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
বিলের নৌকার মাঝি সাইদুল ইসলাম জানান, শাপলার মৌসুমে প্রতিদিন ভোর হওয়ার আগেই পর্যটকেরা আসেন। তাঁদের বিল ঘুরিয়ে দেখাতে ১৫ থেকে ২০টি নৌকা চলাচল করে। গত বছর থেকে শাপলার মৌসুমে নৌকা চালিয়ে স্থানীয় মাঝিরা বাড়তি আয় করতে পারছেন।
ফুল না ছিঁড়ে সৌন্দর্য রক্ষার আহ্বান
পর্যটকদের আনাগোনায় আনন্দিত হলেও বিলের শাপলা ফুল ছিঁড়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শহরের কালিঘাট সড়কের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল বলেন, একসঙ্গে এত লাল শাপলা তিনি আগে কখনো দেখেননি। তবে কিছু দর্শনার্থী ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, যা দুঃখজনক। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি তা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ব্যবসায়ী জাকির হোসেনও পর্যটকদের প্রতি ফুল না ছেঁড়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, শাপলার সৌন্দর্য অক্ষুণ্ন থাকলে এই বিল দীর্ঘদিন পর্যটকদের আকর্ষণ করে রাখবে।
১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী বলেন, হাইল হাওরের এ অংশের সানন্দা বিল দেশি মাছের জন্য আগে থেকেই পরিচিত। সম্প্রতি লাল শাপলার কারণে বিলটি নতুন করে সৌন্দর্যপ্রেমীদের কাছে পরিচিতি পেয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষ ও শিশুরা এখানে আসছেন।
তিনি জানান, শাপলা রাতে ফোটে। তাই এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে ভোরে বা খুব সকালে আসা ভালো। শ্রীমঙ্গল শহর থেকে যানবাহনে প্রায় এক ঘণ্টায় মির্জাপুর বাজারে পৌঁছানো যায়। সেখান থেকে ব্যাটারিচালিত টমটম বা অটোরিকশায় সহজেই বিলে যাওয়া সম্ভব। বাজার থেকে বিলটির দূরত্ব প্রায় এক কিলোমিটার। পুরো বিল ঘুরে দেখতে চাইলে নৌকা ভাড়া করারও সুযোগ রয়েছে।
প্রকৃতির অপার সৌন্দর্য, নৌভ্রমণ ও স্থানীয় মানুষের আতিথেয়তা মিলিয়ে সানন্দা বিল এখন শ্রীমঙ্গলের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই সৌন্দর্য ধরে রাখতে শাপলা ফুল ও বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটক ও স্থানীয় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কালের আলো/এএইচ/এমএসআইপি






-20261123084753.jpg)






-20261121140412.jpg)






