রবীন্দ্রোত্তর বাংলা কবিতার জগতে অরুণ মিত্র এক স্বতন্ত্র ও অনন্য নাম। কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, অনুবাদক এবং ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তিনি রেখে গেছেন বহুমাত্রিক অবদান। তাঁর কবিতায় উঠে এসেছে মানুষের জীবনসংগ্রাম, সমাজের বৈষম্য, সাম্যবাদী চেতনা, নাগরিক জীবনের দ্বন্দ্ব এবং বাংলার মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা। উচ্চকিত স্লোগান কিংবা শব্দের আড়ম্বর নয়, বরং সহজ ভাষা ও গভীর অনুভবের মধ্য দিয়ে তিনি নির্মাণ করেছেন নিজস্ব কাব্যভাষা।
তাঁকে মিছিলের কবি বলা হলেও তিনি কেবল মিছিলের স্লোগানে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সাধারণ মানুষের জীবন, স্বপ্ন, বেদনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে কবিতার কেন্দ্রে স্থাপন করেছেন। প্রথাগত ছন্দের বাইরে গিয়ে গদ্যকবিতার যে স্বতন্ত্র ধারা তিনি নির্মাণ করেছিলেন, তা বাংলা কবিতায় তাঁকে দিয়েছে বিশেষ মর্যাদা।
যশোরে জন্ম, শৈশবে সাহিত্য-সংস্কৃতির আবহ
অরুণ মিত্রের জন্ম ১৯০৯ সালের ২ নভেম্বর, বর্তমান বাংলাদেশের যশোর শহরে। তাঁর বাবা হীরালাল মিত্র এবং মা যামিনীবালা দেবী। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশব কেটেছে যশোর শহর ও মামাবাড়ির সাংস্কৃতিক পরিবেশে।
তৎকালীন যশোরে শহর ও গ্রামের জীবন ছিল একে অপরের সঙ্গে মিশে থাকা। পাকা রাস্তার পাশে মাটির পথ, দালানকোঠার পাশাপাশি কুঁড়েঘর, পুকুর, বাঁশবন ও নারকেল-সুপারির গাছ—এমন পরিবেশ তাঁর শৈশবকে প্রভাবিত করেছিল। নিজের স্মৃতিচারণায় তিনি লিখেছিলেন, শহর থেকে একটু এগোলেই গ্রাম পাওয়া যেত। ফলে তাঁরা শহরের না গ্রামের, তা আলাদা করে বলা কঠিন ছিল।
মামাবাড়িতে ছিল বই, গ্রামোফোন ও গানের রেকর্ডের সমাহার। সেখানে সাহিত্যপ্রেমী ও রাজনৈতিকভাবে সচেতন তরুণদের যাতায়াত ছিল। সন্ত্রাসবাদী, গান্ধীবাদী ও সাম্যবাদী চিন্তাধারার সঙ্গে যুক্ত মানুষের সংস্পর্শ তাঁর সাহিত্যিক ও রাজনৈতিক মনন গঠনে ভূমিকা রাখে।
শিক্ষাজীবন ও সাংবাদিকতায় প্রবেশ
অল্প বয়সেই পড়াশোনার জন্য কলকাতায় যান অরুণ মিত্র। বঙ্গবাসী স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। ১৯২৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বঙ্গবাসী কলেজ থেকে আইএসসি এবং রিপন কলেজ থেকে ১৯৩০ সালে ডিস্টিংশনসহ বিএ পাস করেন।
শিক্ষাজীবনে প্রথম দিকে সাহিত্যের তুলনায় সংগীতের প্রতি তাঁর আকর্ষণ ছিল বেশি। ভিক্টর হুগোর উপন্যাসের ইংরেজি অনুবাদ পড়ার পর ফরাসি সাহিত্যের প্রতি আগ্রহ জন্মে। এরপর নিজ উদ্যোগে ফরাসি ভাষা শেখা শুরু করেন।
বিএ পাসের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করলেও পারিবারিক দায়িত্বের কারণে তা শেষ করতে পারেননি। ১৯৩১ সালে তিনি আনন্দবাজার পত্রিকায় চাকরি নেন। সাংবাদিকতার এই সময়েই বিভিন্ন লেখক, বুদ্ধিজীবী ও চিন্তাবিদের সংস্পর্শে আসেন। ধীরে ধীরে মার্ক্সবাদী চিন্তার প্রতিও আকৃষ্ট হন। যুক্ত হন বঙ্গীয় প্রগতি লেখক সংঘ ও সোভিয়েত সুহৃদ সমিতির সঙ্গে। ১৯৪২ সালে আনন্দবাজার ছেড়ে সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত ‘অরণি’ পত্রিকায় যোগ দেন।
ফ্রান্সে গবেষণা ও অধ্যাপনা
অরুণ মিত্রের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ১৯৪৮ সালে। ফরাসি সরকারের বৃত্তি নিয়ে গবেষণার জন্য তিনি ফ্রান্সে যান। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে তিন বছর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘ল্য গ্রুপ দ্য লা রভ্যু ব্লাঁশ’ বা ‘শ্বেত পত্রিকার গোষ্ঠী’। এই গোষ্ঠীর সঙ্গে শিল্পী তুলুজ লোত্রেক, সংগীতকার দরসি এবং সাহিত্যিক আঁদ্রে জিদ ও মার্সেল প্রুস্তের মতো ব্যক্তিত্ব যুক্ত ছিলেন।
১৯৫২ সালে দেশে ফিরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে দীর্ঘ ২০ বছর সপরিবারে বসবাস করেন। ১৯৭২ সালে অবসর নিয়ে কলকাতায় ফিরে আসেন।
১৯৯০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট. উপাধিতে ভূষিত করে। ফরাসি ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে ফরাসি সরকার তাঁকে ‘লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করে। ২০০০ সালের ২২ আগস্ট কলকাতায় তাঁর মৃত্যু হয়।
প্রথম কাব্যগ্রন্থ ও কবিতার ভাষায় পরিবর্তন
অরুণ মিত্রের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রান্তরেখা’ প্রকাশিত হয় ১৯৪৩ সালে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়কার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এই গ্রন্থের কবিতায় প্রভাব ফেলেছিল। প্রথম দিকের কবিতায় প্রথাগত পদ্যছন্দ ও অন্ত্যমিলের ব্যবহার থাকলেও পরবর্তী সময়ে তিনি সেই কাঠামো থেকে বেরিয়ে আসেন।
‘উৎসের দিকে’ কাব্যগ্রন্থ থেকে তাঁর কবিতায় গদ্যস্পন্দের ব্যবহার আরও স্পষ্ট হয়ে ওঠে। ছোট-বড় বাক্য ও ছত্রে তিনি নির্মাণ করেন এক ভিন্ন কাব্যরীতি। ফরাসি কবিদের কাছ থেকে তিনি আত্মপ্রকাশের স্বাধীনতা এবং ছন্দ ও মিলের বাধ্যবাধকতা অতিক্রম করার প্রেরণা পেয়েছিলেন।
তাঁর কাছে কবিতার নির্দিষ্ট কোনো বহিরঙ্গ রূপ অপরিহার্য ছিল না। একই সঙ্গে তিনি মনে করতেন, কবিতার অবশ্যই একটি বিষয় ও অন্তর্গত উপলব্ধি থাকতে হবে। কেবল শব্দের কারুকাজ দিয়ে কবিতা তৈরি হয় না; এর পেছনে প্রয়োজন অভিজ্ঞতা, অনুভব ও মনন।
সাম্যবাদী চেতনা ও মানুষের জীবনসংগ্রাম
অরুণ মিত্রের কবিতায় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলির প্রভাব ছিল গভীর। স্পেনের গৃহযুদ্ধ, জাপানের চীন আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের রাশিয়া আক্রমণের মতো ঘটনা তাঁর ফ্যাসিবাদবিরোধী চেতনাকে শাণিত করেছিল।
‘লাল ইস্তাহার’ ও ‘কসাকের ডাক: ১৯৪২’ কবিতায় ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং আন্তর্জাতিক সংহতির প্রকাশ ঘটেছে। তবে তাঁর সাম্যবাদী চেতনা কখনো কেবল রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ থাকেনি। বরং শ্রমজীবী মানুষের অস্তিত্ব, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা তাঁর কবিতার মূল বিষয় হয়ে উঠেছে।
এক সাক্ষাৎকারে নিজের বামপন্থী অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, সমাজের দুর্দশা ও দুর্গতি দূর করে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি করার স্বপ্ন থেকেই তাঁর এই বিশ্বাসের জন্ম। ‘মাটির কবর’, ‘বসন্তবাণী’ ও ‘সঞ্জীবনী’র মতো কবিতায় মানুষের প্রতিরোধ, টিকে থাকা ও নতুন করে জেগে ওঠার প্রত্যয় ফুটে উঠেছে।
নগরজীবন ও প্রান্তিক মানুষের প্রতি মমতা
অরুণ মিত্রের কবিতায় কলকাতা কেবল একটি শহর নয়, বরং স্মৃতি, ভালোবাসা, ক্লান্তি ও বৈপরীত্যের এক জটিল জগৎ। ‘কলকাতায়’ কবিতায় তিনি একদিকে নিজের গ্রামের বাংলাকে খুঁজে ফিরেছেন, অন্যদিকে নগরজীবনের দুঃখ, মধ্যবিত্তের সংকট ও প্রান্তিক মানুষের বঞ্চনাকে তুলে ধরেছেন।
‘রিকশাওয়ালা’ কবিতায় নগরের এক শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে। রিকশার চাকার ঘূর্ণনের মধ্য দিয়ে কবি দেখিয়েছেন শ্রমজীবী মানুষের অস্তিত্বের ধারাবাহিকতা। চালকের মুখ প্রতিদিন বদলে গেলেও রিকশার চাকা দেখে তাঁর উপস্থিতি অনুভব করেন কবি। এই চিত্রের মধ্য দিয়ে সাধারণ মানুষের শ্রম ও বেঁচে থাকার লড়াইকে গভীর মমতায় তুলে ধরেছেন তিনি।
গদ্যকবিতায় স্বতন্ত্র শিল্পভাষা
অরুণ মিত্রের কাব্যজীবনের অন্যতম বড় অবদান তাঁর গদ্যকবিতা। কথ্য ভাষার কাছাকাছি থাকা, সহজ শব্দের ব্যবহার এবং স্বগতোক্তির মতো মৃদু স্বর তাঁর কবিতাকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। ‘এ জ্বালা কখন জুড়াবে’, ‘সুকান্ত’ ও ‘আমি অল্প করে বলি’ কবিতায় তাঁর গদ্যকবিতার শিল্পরূপ স্পষ্ট। এসব কবিতায় ব্যক্তিগত অনুভূতি, সামাজিক ক্ষোভ, মৃত্যু, আশা ও সংগ্রাম একাকার হয়ে গেছে।
তিনি কবিতায় অপ্রয়োজনীয় অলংকার ও শব্দের আড়ম্বর এড়িয়ে চলতেন। অনেক ক্ষেত্রে যতিচিহ্নের প্রচলিত ব্যবহারও পরিহার করেছেন। আটপৌরে শব্দ, দেশজ ভাষা এবং কথ্য বাক্যগঠনের মধ্য দিয়ে তিনি কবিতাকে মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি নিয়ে এসেছেন। কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতার এই বৈশিষ্ট্যকে ‘কথাবলার একটা মগ্ন স্রোত’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। অরুণ মিত্রের কবিতার শক্তি মূলত এই অনুচ্চ অথচ গভীর স্বরেই।
ফরাসি কবিতার অনুবাদে গুরুত্বপূর্ণ অবদান
ফরাসি সাহিত্য ও সংস্কৃতির প্রতি অরুণ মিত্রের অনুরাগ ছিল আজীবন। তিনি প্রায় শতাধিক ফরাসি কবিতা সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। পঞ্চদশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময়ের কবিদের রচনা তাঁর অনুবাদে স্থান পেয়েছে।
পল এল্যুয়ারের কবিতা তিনি সবচেয়ে বেশি অনুবাদ করেছেন। এ ছাড়া লুই আরাগঁ ও স্যাঁ-জন পার্সের সাহিত্যও তাঁকে আকৃষ্ট করেছিল। ফরাসি কবিতার গদ্যধর্মী প্রকাশভঙ্গি তাঁর নিজের কবিতার ভাষা নির্মাণেও প্রেরণা জুগিয়েছিল।
ফরাসি সাহিত্য নিয়ে তাঁর গবেষণা ও চিন্তার পরিচয় পাওয়া যায় ‘ফরাসী সাহিত্য প্রসঙ্গে’ এবং ‘সৃজন সাহিত্য ও অন্যান্য ভাবনা’ গ্রন্থে। অনুবাদক হিসেবেও তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন।
জীবনই ছিল তাঁর মঞ্চ
অরুণ মিত্রের একমাত্র উপন্যাস ‘শিকড় যদি চেনা যায়’ মূলত আত্মজৈবনিক। যশোর থেকে কলকাতা পর্যন্ত তাঁর শৈশব ও জীবনস্মৃতির নানা ঘটনা এতে উঠে এসেছে। তাঁর কবিতায় সময়, প্রকৃতি, প্রেম, স্মৃতি ও মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীর ভাবনা প্রকাশ পেয়েছে।
‘এই আমি’ কবিতায় জীবনকে মঞ্চ হিসেবে দেখেছেন তিনি। তৈরি করা মঞ্চের চেয়ে বাস্তব জীবনকেই নিজের অভিনয়ের ক্ষেত্র বলে মনে করেছেন। এই উপলব্ধি তাঁর সাহিত্যচিন্তারও পরিচয় বহন করে।
সব মিলিয়ে অরুণ মিত্র বাংলা কবিতায় এমন এক স্বতন্ত্র ধারা নির্মাণ করেছেন, যেখানে ব্যক্তিগত অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতা পাশাপাশি অবস্থান করে। তাঁর কবিতায় রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মুক্ত জীবনের স্বপ্ন। উচ্চকণ্ঠ না হয়েও যে কবিতা গভীরভাবে মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে, অরুণ মিত্রের সাহিত্য তারই উজ্জ্বল উদাহরণ।
২০০০ সালে তাঁর জীবনাবসান হলেও বাংলা কবিতায় তাঁর নির্মিত মগ্ন স্রোত আজও বহমান। সরলতা, মানবপ্রেম ও শিল্পের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় নিজের স্বতন্ত্র আসন প্রতিষ্ঠা করে গেছেন।
কালের আলো/এসএ/এএইচ
