ঘরোয়া ফুটবলে পেশাদার সম্পর্ক উন্নয়ন, ম্যাচের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোচ ও ম্যানেজারদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো বিশেষ সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লাব পর্যায়ে দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট করা এবং মাঠ ও মাঠের বাইরের কার্যক্রমে পেশাদারত্ব বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় ‘বিএফএফ ক্লাবস সেমিনার অব প্রফেশনাল রিলেশনস অ্যান্ড ম্যাচ ইন্টিগ্রিটি’ শীর্ষক তিন ঘণ্টাব্যাপী এ সেমিনার শুরু হয়। এতে বাংলাদেশ ফুটবল লিগের বিভিন্ন ক্লাবের প্রায় ৩০ থেকে ৩৫ জন কোচ, ম্যানেজার ও প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবং হেড অব কম্পিটিশন জাবের বিন তাহের আনসারী। দৈনন্দিন ফুটবল পরিচালনায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
ম্যানেজারদের দায়িত্ব স্পষ্ট করাই মূল লক্ষ্য
সেমিনারের উদ্দেশ্য ব্যাখ্যা করে কামরুল হাসান হিলটন বলেন, ক্লাব ম্যানেজারদের দায়িত্ব স্পষ্ট করা এবং প্রধান কোচের সঙ্গে তাঁদের কাজের সমন্বয় বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি জানান, একজন ম্যানেজার মাঠ ও মাঠের বাইরে দলের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে প্রধান কোচ মূলত মাঠের খেলায় দলের দায়িত্ব সামলান। ম্যানেজারের কাজের মধ্যে আয়োজকদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং খেলোয়াড়দের স্বাস্থ্য, খাবার, আবাসন ও ড্রেসিংরুমের সুবিধা নিশ্চিত করা রয়েছে।
এ ছাড়া খেলোয়াড়দের মানসিক সুস্থতা, চোটের বিষয়গুলো তদারকি এবং আন্তর্জাতিক ম্যাচ খেলতে বিদেশ সফরের প্রটোকল সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাও ম্যানেজারদের দায়িত্বের অংশ বলে উল্লেখ করেন তিনি।
বাফুফের এ ধরনের প্রথম উদ্যোগের বিষয়ে হিলটন জানান, ভবিষ্যতে প্রতি ছয় মাস অন্তর এ ধরনের সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফিফার নতুন নিয়ম নিয়ে আলোচনা
সেমিনারে অংশ নেওয়া আবাহনী লিমিটেডের ম্যানেজার শহিদ হোসেন স্বপন জানান, ফুটবলের নিয়মকানুনে সাম্প্রতিক পরিবর্তন এবং খেলোয়াড়দের সেসব নিয়ম বোঝানো ও মানানোর বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ফিফা কিছু নিয়মে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে খেলোয়াড়দের পাঁচ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন নেওয়া, গোলরক্ষকের সর্বোচ্চ সাত সেকেন্ড বল ধরে রাখা এবং বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়ার ক্ষেত্রে ১০ সেকেন্ডের সময়সীমা।
শুধু কোচ ও ম্যানেজারদের মধ্যে আলোচনা সীমাবদ্ধ না রেখে খেলোয়াড়দেরও এসব বিষয়ে সচেতন করতে প্রতিটি ক্লাবে আলাদাভাবে কর্মশালা আয়োজনের পরামর্শ দেন স্বপন। তাঁর মতে, মাঠে নিয়মগুলো বাস্তবায়নের দায়িত্ব যেহেতু খেলোয়াড়দেরও, তাই ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এ ধরনের আয়োজন জরুরি।
আধুনিক ফুটবল ও প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব
ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সেমিনারে ফুটবলের আইন বা ‘লজ অব দ্য গেম’, আধুনিক ফুটবলের নতুন ধারা, ম্যানেজারদের সাধারণ ভুলত্রুটি এবং প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে।
দলের অনুশীলন থাকায় পুরো সেশনে অংশ নিতে না পারলেও বাফুফের উদ্যোগকে স্বাগত জানান তিনি। তাঁর মতে, ক্লাব কর্মকর্তাদের দৈনন্দিন কাজের চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার বিষয়গুলো বেশ প্রাসঙ্গিক ছিল।
অংশগ্রহণকারীদের ইতিবাচক সাড়া পাওয়ায় নিয়মিত বিরতিতে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাফুফে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে ক্লাবগুলোর মধ্যে পেশাদার সম্পর্ক ও সমন্বয় বাড়বে, পাশাপাশি ঘরোয়া ফুটবলে ম্যাচের স্বচ্ছতা ও ব্যবস্থাপনাও আরও উন্নত হবে।
কালের আলো/এসএ/এএইচ






-20261123121454.jpg)



-20261123114953.jpg)


-20261121140412.jpg)






